পেলের স্মারক নিলামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের ফুটবল ক্যারিয়ার। এই দীর্ঘ সময়ে কত কত ট্রফি জিতেছেন পেলে, সংগ্রহে আছে কতশত স্মারক! তার বড় একটা অংশ নিলামে তুলছেন ফুটবলের রাজা।
বেভারলি হিলসভিত্তিক এক নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজারেরও বেশি স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পেলে। যার মধ্যে আছে তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক তিনটি পদক, ক্যারিয়ারের সহস্রতম গোলটি যে বল দিয়ে করেছিলেন সেটি এবং জুলে রিমে ট্রফির রেপ্লিকাও। ৭ থেকে ৯ জুন লন্ডনে হবে নিলাম। এখান থেকে পাওয়া অর্থের একটা অংশ তিনি দান করবেন ব্রাজিলের এক শিশু হাসপাতালে। ‘আমার সংগ্রহের গুরুত্বপূর্ণ একটা অংশ সিটি অব সান্তোসকে দান করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে সমর্থক এবং স্মারক সংগ্রহকারীরা আমার ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ পেতে পারে। আমি আশাবাদী, এসব স্মারক আগামী প্রজন্মের শিশুদেরও আমার কথা মনে করাবে’—এক বিবৃতিতে জানিয়েছেন পেলে।
বিশ্বকাপের পদকগুলো এক-দুই লাখ ডলারেই নিলামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিলামের আকর্ষণ হতে পারে জুলে রিমে ট্রফির রেপ্লিকা। এর দাম ৪ থেকে ৬ লাখ ডলার উঠতে পারে। নিলাম থেকে ১০ লাখ মার্কিন ডলার উঠবে বলে আশা করা হচ্ছে। এএফপি।