পেলে-রিভাই ব্যতিক্রম

একসময়কার ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো, রবিন ফন পার্সিরা যে সিংহাসনে বসেছেন, ওয়েইন রুনি তো সেখানে বসতে চাইবেনই। পর্তুগালের জার্সি গায়ে সর্বোচ্চ গোল রোনালদোর, হল্যান্ডের ফন পার্সির। আধুনিক প্রজন্মের জয়গান গাইতে গাইতে রুনিও বসে গেলেন তাঁদের পাশে। ফুটবলের পরাশক্তি বলা যায়—এমন দেশগুলোর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চোখ বুলিয়ে দেখুন, এই প্রজন্মের অনেকেই আছেন সেখানে।
রোনালদো, ফন পার্সি, রুনির কথা তো বলাই হলো। এখনো মাঠ দাপিয়ে খেলছেন উরুগুয়ের লুইস সুয়ারেজও। স্পেনের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়া হয়তো সেরা সময়টাকে পেছনে ফেলে এসেছেন, তবে এখনো খেলা ছাড়েননি। মিরোস্লাভ ক্লোসা জাতীয় দলের বুট তুলে রাখলেও ক্লাবে এই ৩৭ বছর বয়সেও সপ্রাণ। ফ্রান্সের থিয়েরি অঁরিও খেলা ছেড়েছেন খুব বেশি দিন হয়নি, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতার স্মৃতিও তেমন ঝাপসা নয়। এই তালিকায় দুজনই শুধু সেই অর্থে পুরোনো দিনের—পেলে ও লুইজি রিভা। শুধু খেলাই নয়, গোলের সংখ্যাতেও মূর্ত পেলের শ্রেষ্ঠত্ব। ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনো তাঁর। তবে রিভার ঘটনা একটু বিস্ময়ই জাগায়। নামটি নয়, গোলের সংখ্যাটা। ইতালির মতো ফুটবল পরাশক্তিদের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড কিনা মাত্র ৩৫!
আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা করলে অবশ্য এখান থেকে শুধু পেলেই আসবেন শীর্ষ পাঁচে। একমাত্র খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরি যাঁর, সেই ইরানের আলি দাইয়ি (১০৯ গোল) অবশ্য ফুটবল ইতিহাসে ‘গ্রেটের’ মর্যাদা পাবেন না। শীর্ষ পাঁচে পেলে ছাড়া বাকি একজনই সত্যিকারের ‘গ্রেট’, হাঙ্গেরির হয়ে ফেরেঙ্ক পুসকাসের ৮৫ ম্যাচে ৮৪ গোল তো এত বছর পরও বিস্ময় জাগায়!
শীর্ষ দলগুলোর সর্বোচ্চ গোলদাতা
| ম্যাচ | গোল | ||
| ব্রাজিল | পেলে | ৯২ | ৭৭ |
| জার্মানি | মিরোস্লাভ ক্লোসা | ১৩৭ | ৭১ |
| স্পেন | ডেভিড ভিয়া | ৯৭ | ৫৯ |
| আর্জেন্টিনা | গ্যাব্রিয়েল বাতিস্তুতা | ৭৮ | ৫৬ |
| পর্তুগাল | ক্রিস্টিয়ানো রোনালদো | ১২২ | ৫৫ |
| ফ্রান্স | থিয়েরি অঁরি | ১২৩ | ৫১ |
| ইংল্যান্ড | ওয়েইন রুনি | ১০৭ | ৫০ |
| হল্যান্ড | রবিন ফন পার্সি | ৯৯ | ৪৯ |
| উরুগুয়ে | লুইস সুয়ারেজ | ৮২ | ৪৩ |
| ইতালি | লুইজি রিভা | ৪২ | ৩৫ |