প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ছেড়ে দিলেও নেইমারের সামনে আয়ের বিকল্প একটা রাস্তা থাকবে। মাত্র ২৩ বছর বয়সেই দুহাত ভরে তো কামিয়েছেনই, টাকার খেলা পোকারের হাতটাও যে নেহাত মন্দ নয় ব্রাজিল তারকার। পোকার স্টারস নামের এক অনলাইন পোকার খেলার প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত নেইমার। তারাই নেইমারের সঙ্গে বন্ধুদের খেলার ছবি নিয়মিত পোস্ট করে থাকে ইনস্টাগ্রামে। সেখানেই দেখা গেছে সৌভাগ্যবান নেইমার পেয়েছেন রয়্যাল স্ট্রেট ফ্লাশ! এতেও যদি ঘটনার মাহাত্ম্যটা ধরতে না পারেন, তবে বলে রাখা যাক, পোকারে রয়্যাল স্ট্রেট ফ্লাশ পাওয়ার সম্ভাবনা শতকরা ০.০০০০০১৫৪ ভাগ! আর সেটা পেয়েই আয় হলো ১৭ হাজার ইউরো। সব মিলিয়ে পোকার খেলে নেইমার কামিয়েছেন ৯২,৬০১ ইউরো। গলার ব্যথার কারণে দুই সপ্তাহ মাঠের বাইরের সময়টা খারাপ যায়নি বার্সেলোনা ফরোয়ার্ডের! দেখা যাক, পোকার-সাফল্যে মাঠের খেলায় কতটা অনুপ্রাণিত হন! গোলডটকম।