পোকেমন গোকে মরিনহোর লাল কার্ড

দুনিয়াজুড়ে এখন চলছে পোকেমন গো খেলার ধুম। বাস্তবতা ও কল্পনার মিশেলের এই গেমে এখন বুঁদ ছেলে-বুড়ো সবাই। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরাও এখন মজেছেন পোকেমন গোতে। কিন্তু ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি হোসে মরিনহোর। ইউনাইটেডের ড্রেসিংরুমে এর মধ্যেই গেমটি নিষিদ্ধ করেছেন।
শুধু গেম বললে ভুল হবে, পোকেমন গো এখন একটা নেশাই হয়ে গেছে। মরিনহো নিশ্চয় খেয়াল করেছেন, অনুশীলনের ফাঁকে বা ড্রেসিংরুমে সুযোগ পেলেই খেলোয়াড়েরা সেটিতে ব্যস্ত হয়ে পড়ছেন। পর্তুগিজ কোচ তাই জানিয়ে দিয়েছেন, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে এই গেমটা খেলা চলবে না। ইংলিশ দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, মরিনহো এমনিতে ইউনাইটেডের ড্রেসিংরুম নিয়ে বেশ সন্তুষ্ট। কিন্তু পোকেমন গো নিয়ে খেলোয়াড়দের অতিরিক্ত মাতামাতি তাঁর ভালো লাগেনি। সে জন্যই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে এই গেম নিষিদ্ধ করেছেন ইউনাইটেডের নতুন কোচ। খেলোয়াড় মনোযোগ তিনি স্মার্টফোনের স্ক্রিনের চেয়ে ট্যাকটিকস বোর্ডেই বেশি চান।