পোলিশ-আনন্দ রুখতে পারলেন না শাকিরি

৯০ মিনিট শেষে ১-১, সেটি ১২০ মিনিট পরও ১-১-ই থাকল। পোল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য তাই গড়াল টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউট নিয়ে বহু ব্যবহৃত কথাটি আবারও সত্য প্রমাণিত হলো, মাঠের শ্রেয়তর দলটিই হেরে বসল পেনাল্টি শ্যুট আউটে। সুইজারল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল পোল্যান্ড।
ক্রিখোভিয়াক যখন শেষ শটটি নিতে এলেন সেতঁ এতিয়েনের স্তাদে জফরি গিশারে হঠাৎই নীরব হয়ে পড়ল। এতক্ষণ আনন্দে মেতে থাকা সুইস সমর্থকেরা তখন আতঙ্কিত চোখে তাকিয়ে আছেন ক্রিখোভিয়াকের দিকে। পোলিশ মিডফিল্ডারের অমঙ্গল কামনা করছেন অন্তর দিয়ে! কিন্তু ক্রিখোভিয়াক কোনো ভুল করলেন না। ইয়ান সমারকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। জিতে গেল সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের দুর্ভাগ্যের সূচনা গ্রানিত জাকার পায়ে। দলের দ্বিতীয় পেনাল্টি নিতে এসে তাঁর গোলার মতো শটটি গোলবারের ধারেকাছেই গেল না। আর তাতেই মূল্যহীন হয়ে গেল ১২০ মিনিট ধরে দুর্দান্ত খেলা সুইজারল্যান্ডের সব প্রচেষ্টা। সঙ্গে জারদান শাকিরির অসাধারণ গোলটিও।
ম্যাচের তখন ৮১ মিনিট। ধারাভাষ্যকার মাত্রই প্রশ্ন করছিলেন, একটু দেরিই কি হয়ে গেল শাকিরি ও তাঁর দলের? মাঠ থেকে কথাটা শোনার কথা নয় শাকিরির। তখন তিনি পোল্যান্ডের ডি-বক্সের বাইরে। এরেন দেরদিয়কের পা ঘুরে বল আসে তাঁর কাছে। নিজেকে ছুড়ে দিলেন শূন্যে, দুর্দান্ত এক বাইসাইকেল কিক। এখন পর্যন্ত টুর্নামেন্ট-সেরা সে শটটি ঠেকানো সম্ভব ছিল না উকাস ফাবিয়ানস্কির পক্ষে। সে দৃশ্য যাঁরা দেখেননি, সুইস সমর্থকদের গর্জনেই তাঁরা বুঝে ফেলেছেন ম্যাচে ফিরে এসেছে সুইজারল্যান্ড (১-১)। ওই শটই নিশ্চিত করে দিল, গতিময় ফুটবলের অপূর্ব এই প্রদর্শনী মাত্র ৯০ মিনিটে শেষ হচ্ছে না।
এ ম্যাচের একক নায়ক হতে পারতেন ইয়াকুব বোয়াশচিকোফস্কিও। শাকিরির ওই দুর্দান্ত শটের আগে বোয়াশচিকোফস্কির ৩৯ মিনিটে দেওয়া গোলেই জয়ের সুবাস পাচ্ছিল পোল্যান্ড। তবে এ গোলের পুরো কৃতিত্ব কামিল গ্রসিচকির। নিজেদের অর্ধ থেকে একা বল নিয়ে বাঁ প্রান্ত দিয়ে সুইস ডি-বক্সে ঢুকে পাস দিয়েছিলেন বোয়াশচিকোফস্কিকে। সে গোলেই মনে হলো যাক, পোল্যান্ড তাহলে গোল করতে পারে! এর আগ পর্যন্ত একের পর সুযোগ হাতছাড়া করেছেন লেভানডফস্কি, গ্রসিচকি, ক্রিওভিয়াক, মিলিকরা। তবে গোল হাতছাড়া করায় সুইসরাও কম যাচ্ছিলেন না। সে জন্যই দুই দল মিলে পুরো ম্যাচে ৫১টি শট নেওয়ার পরও গোল হলো মাত্র ২টি। সূত্র: সনি সিক্স।