পোচন, না টিসি স্পোর্টস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ফুটবলার মামুনুল ইসলামের পোস্টার নিয়ে কোনো কিশোর আজ মাঠে আসবে না। গ্যালারিতে দেখা যাবে না, ‘চিটাংগে পুয়া, মেডিত্ ফইল্যে লোয়া। মামুন তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ লেখা বিশাল সাইজের ব্যানার। সেমিফাইনালেই যে বিদায় নিয়েছে বাংলাদেশের ক্লাব চট্টগ্রাম আবাহনী। শহরে ফুটবল-উন্মাদনার যেটুকু সম্ভাবনা জেগেছিল, তা ফুটো বেলুনের মতোই চুপসে গেছে। তারপরও আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রীতি মেনে শুরু হবে শেখ কামাল ক্লাব কাপের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে নামবে দক্ষিণ কোরিয়ার ক্লাব পোচন এফসি ও মালদ্বীপের টিসি স্পোর্টস।
গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। কিন্তু আজ দুই দলেরই লক্ষ্য অভিন্ন। সোনালি রঙের ট্রফিটা দেশে নিয়ে ফিরতে চায় দুই দল। মালদ্বীপের ক্লাবটি তো প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই উঠে গেছে স্বপ্নের ফাইনালে। মালদ্বীপে এ নিয়ে আনন্দের শেষ নেই। খোদ প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার আবির মোহামেদকে।