পোডলস্কির অভিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদারির জায়গায় আবেগের ঠাঁই নেই। ঘরের ছেলে হয়ে গেলেও ঘর ছেড়ে যাওয়ার ঘটনা আকছারই ঘটে। সেই তুলনায় লুকাস পোডলস্কির তো ক্লাব ছাড়াটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। কাঁহাতক আর সাইড বেঞ্চে বসে হাই তোলা যায়? আর্সেনালে নিয়মিত খেলার সুযোগই পেতেন না এই জার্মান উইঙ্গার। এত দিন চুপ ছিলেন, এবার ধারে ইন্টার মিলানে আসার পর খুলে গেল ক্ষোভের অর্গল। পোডলস্কির অভিযোগ, ক্লাবে তাঁকে অবমূল্যায়িত করা হয়েছে। সেই সঙ্গে মিশে থাকল খানিকটা অভিমানও, ‘তিনি (ওয়েঙ্গার) আমাকে বিদায় পর্যন্ত বলেননি। আমি তো তাঁর কাছে ফুল বা চুম্বন চাইনি! কিন্তু সামান্য সম্মানটুকু তো পেতেইও পারতাম। আমার কাছে এটাই সবকিছু।’ আর্সেনালে ফিরে যাওয়ার শেষ রাস্তাটাও কি বন্ধ করে দিলেন পোডলস্কি? ইএসপিএন।