পোপকে লরেঞ্জোর উপহার
পোপ ফ্রান্সিস এমনিতে দারুণ ব্যস্ত মানুষ। তার ওপর পরশু ছিল তাঁর ৭৮তম জন্মদিন। শুভানুধ্যায়ী-ভক্তদের শুভেচ্ছায় সারা দিন দম ফেলার ফুরসতই পাননি। তার পরও হয়তো চোখ রেখেছিলেন টিভি পর্দায়। প্রিয় দল সান লরেঞ্জো ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে, আর পোপ সেটি কি না দেখে পারেন! তো জন্মদিনে দারুণ একটা উপহারই পেলেন প্রিয় ক্লাবের কাছ থেকে, নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো উঠে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
ক্লাবগুলোর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকা লড়াইয়ের মঞ্চায়নই হয়েছে সবচেয়ে বেশি। রিয়াল মাদ্রিদ আগের দিন ফাইনালে উঠে যাওয়ায় মঞ্চটা সাজানোই ছিল। তবে পরশু অকল্যান্ড সিটি আরেকটু হলেই চেনা ছকটা উল্টে দিতে বসেছিল। নির্ধারিত সময়ের খেলা তো ১-১ গোলেই শেষ হয়েছিল। প্রথমার্ধের শেষ দিকে পাবলো ব্যারেন্তোসের গোলে লরেঞ্জো এগিয়ে গিয়েছিল। ৬৭ মিনিটে সমতা ফেরান অকল্যান্ডের অ্যাঞ্জেল বারলাঙ্গা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে মাউরো মাতোসের গোলে জয় পেয়েছে আর্জেন্টাইন ক্লাবটি।
তবে আগামীকাল ফাইনালে জিততে হলে একরকম অসাধ্যই সাধন করতে হবে লরেঞ্জোকে। অপ্রতিরোধ্য রিয়াল জিতেছে টানা ২১ ম্যাচ। দুই দিন আগে প্রথম সেমিফাইনালেও মেক্সিকোর ক্রুজ আজুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। রিয়ালের সামনে লরেঞ্জো কি দাঁড়াতে পারবে? গুঞ্জন উঠেছে, রিয়ালকে ঠেকাতে কোপা লিবার্তাদোরেসজয়ী ক্লাবটি গা-জোয়ারি ফুটবল খেলতে পারে। তবে ক্লাবটির প্রেসিডেন্ট মাতিয়াস লামেন্স সে রকম সম্ভাবনা দেখছেন না, ‘আমার মনে হয় না এ রকম কিছু হবে। দুই দলের কারোরই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ লামেন্স বললেন অন্য কথা, ‘আমার তো মনে হয় পেপেকে নিয়েই আমাদের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত।’
ফাইনালের আগে অবশ্য লামেন্স রেফারিং নিয়েও উদ্বিগ্ন। দক্ষিণ আমেরিকান একজন রেফারিকেই তিনি দেখতে চান ফাইনালে, সেটা না হলে অন্তত ইউরোপের কেউ নন। এএফপি, গোলডটকম।