পোপের কাছ থেকে ফিরতি ‘আশীর্বাদ’ পেলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বিশপ ইমানুয়েল গোবিল্লিয়ার্ডের কাছ থেকে পোপের সই করা জার্সি নিচ্ছেন মেসি। ছবিটি টুইটে পোস্ট করেন গোবিল্লিয়ার্ড
ছবি: টুইটার

ধর্ম প্রচার ও বিশ্বে শান্তি স্থাপনের চেষ্টার পাশাপাশি ফুটবলও দেখেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। লিওনেল মেসির খুব ভক্ত।

২০১৬ সালে একবার বলেছিলেন, পেলে ও ডিয়েগো ম্যারাডোনাকে টপকে মেসি–ই তাঁর চোখে ‘সর্বকালের সেরা ফুটবলার’।

নিজ দেশের পছন্দের এ ফুটবলারকে সই করা জার্সি উপহার দিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ খবরটি নিশ্চিত করা হয়।

মেসির কাছ থেকেও জার্সি পেয়েছেন আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস। গত অক্টোবরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ কাস্তেক্সের মাধ্যমে নিজের সই করা জার্সি পোপকে উপহার দেন তিনি। করোনার সঙ্গে লড়াই শেষে কালই মাঠে ফিরেছেন মেসি। জয় তুলে নেয় আর্জেন্টাইন তারকার দল পিএসজি।

মেসিকে পাঠাতে জার্সিতে সই করছেন পোপ ফ্রান্সিস
ছবি: টুইটার

ভ্যাটিকান সিটির প্রথম অফিশিয়াল খেলাধুলার ক্লাব অ্যাথলেটিক ভ্যাটিকানার হলুদ জার্সিতে সই করে মেসিকে উপহার দিয়েছেন পোপ। বহুমুখী খেলাধুলার এ ক্লাবের জার্সি ফ্রান্সের বিশপ ইমানুয়েল গোবিল্লিয়ার্ডের কাছ থেকে পান মেসি।

২০২৪ প্যারিস অলিম্পিকে প্রতিনিধির দায়িত্ব পাওয়া গোবিল্লিয়ার্ড টুইট করেন, ‘একজন বিশ্বাসী মানুষ। মেসি বলেছে, এ পদক্ষেপ তার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে প্রার্থনা করেছি।’

ইতালিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গে সংযুক্ত ক্লাব অ্যাথলেটিক ভ্যাটিকানার ফেসবুক পোস্টে বলা হয়, ৮৫ বছর বয়সী রোমান ক্যাথলিক চার্চের প্রধান কালো কালির কলমে জার্সিতে সই করেন। সাতবারের ফিফা বর্ষসেরার জন্য এ উপহার ‘আশীর্বাদ’।

২০১৩ সালে পোপের দায়িত্ব পাওয়ার পর মেসির সঙ্গে দেখা করেছিলেন পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার ফুটবল ক্লাব সান লরেঞ্জোর ভক্ত তিনি। গত বছর শৈশবের স্মৃতি ভাগ করতে গিয়ে ফুটবল খেলার কথাও জানান পোপ।

নরম বস্তু দিয়ে বল বানিয়ে বন্ধুদের সঙ্গে খেলতেন। তবে সেই বানানো বল দিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে তেমন মজা না পাওয়ার কথাও জানান পোপ ফ্রান্সিস।