পোপের দলের ইতিহাস
গত ডিসেম্বরের কথা। নতুন পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গেলেন সান লরেঞ্জোর কয়েকজন সদস্য। উপহার দিলেন ক্লাবের জার্সি। পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়, আর সান লরেঞ্জো তাঁর আশৈশব ভালোবাসা। সেই সাক্ষাতে পোপ নিশ্চয় আশীর্বাদ করেছিলেন ক্লাবটিকে। সান লরেঞ্জো এরপর যেসব ‘কাণ্ড’ করে যাচ্ছে, তাতে তো সে রকম কিছু মনে হতেই পারে!
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাবটির বয়স হয়ে গেছে ১০৬ বছর। অথচ দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ চূড়া কোপা লিবার্তাদোরেস এত দিন ছিল অধরা। মজার ব্যাপার, ১৯৬০ সালে এই প্রতিযোগিতা শুরুর বছরেই অংশ নিয়েছিল লরেঞ্জো। কিন্তু জেতা হয়নি কখনোই। অবশেষে শিকে ছিঁড়ল ২০১৪ সালে এসে, পরশু প্যারাগুয়ের ন্যাসিওনালকে হারিয়ে প্রথমবারের মতো তারা জিততে পেরেছে এই শিরোপা। এই বছরের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার টিকিটও পেয়ে গেল সেই সঙ্গে।
ব্যাপারটা স্রেফ কাকতালই, তবে পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ধর্মীয় গুরু হয়েছেন গত বছরেই। এরপর গত ডিসেম্বরেই লরেঞ্জো আর্জেন্টাইন লিগের শিরোপা জেতে, সুযোগ পায় লিবার্তাদোরেসে খেলার। ন্যাসিওনালের মাঠে গিয়ে ফাইনালের প্রথম লেগটা ১-১ গোলে ড্রও করে এসেছিল। পরশু দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে উদ্যাপন করতে পারল নিজেদের দর্শকদের সামনে। পেনাল্টি থেকে ক্লাবের ইতিহাসের মাইলফলক গোলটি করেছেন নেস্টর ওরতিগোজা। রয়টার্স।