পোপের 'শান্তির ম্যাচ'

পোপ ফ্রান্সিসের ফুটবলের প্রতি ভালোবাসার কথা সবারই জানা। ৭৭ বছর বয়সী পোপ সেই ভালোবাসার প্রমাণ আরও ভালোভাবে দিচ্ছেন নিজেই একটা প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। নাম দেওয়া হয়েছে ‘শান্তির ম্যাচ’, যেটি হবে আগামী সোমবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে। পোপের ম্যাচটি হয়ে যাচ্ছে তারার মেলাও। আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের রোনালদিনহো, ইতালির জিয়ানলুইজি বুফন, ক্যামেরুনের স্যামুয়েল ইতো, ইসরায়েলের ইয়োসি বেনিয়নের সঙ্গে যাতে খেলার কথা ইতালির রবার্তো বাজ্জো, ইউক্রেনের আন্দ্রেই শেভচেঙ্কো, চিলির ইভান জামোরানোদের মতো সাবেকদেরও। পোপ অবশ্য মাঠে উপস্থিত থাকবেন না, ভ্যাটিকানে বসে বড় পর্দায় দেখবেন খেলা। তবে ম্যাচের আগে কোনো এক সময় খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন।
ম্যাচটি আয়োজনের দায়িত্বে আছেন ইন্টার মিলানের সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের জানেত্তি। যিনি সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৩ সালে পোপের সঙ্গে একান্ত আলাপে এ রকম একটা ম্যাচ আয়োজনের ব্যাপারে প্রথম কথা হয়েছিল। ম্যাচের বিরতির সময় ইংল্যান্ডের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী জন লেননের ‘ইমাজিন’ গানটি গাইবেন আর্জেন্টিনার তরুণী অভিনেত্রী-সংগীতশিল্পী টিনি স্টোয়েসেল। ম্যাচ থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের দরিদ্র শিশুদের কল্যাণে। এএফপি।