পোর্তোতে হোঁচট বায়ার্নের

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্ঘটনার শিকার হতে হলো বায়ার্ন মিউনিখকে। দুর্ঘটনাই তো। পোর্তোর কাছে যে ৩-১ গোলে হেরে গেছে তারা। পর্তুগালের মাঠে এত দিন অপরাজিত থাকার সুবাদে ফেবারিট হিসেবেই তো মাঠে নেমেছিলেন পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু ফেবারিট হয়েও এমন ধরাশায়ী হওয়াটাকে দুর্ঘটনা ছাড়া আর কী হিসেবেই বা অভিহিত করা যায়!
এদিন শুরু থেকেও মাঠে দাপট দেখাতে থাকে পোর্তো। খেলার তিন মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকেরা। পোস্টের কাছেই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ফাউল করেন প্রতিপক্ষের জ্যাকসন মার্টিনেজকে। হলুদ কার্ড তো দেখেনই, সেই সঙ্গে পেনাল্টিও পেয়ে যায় পোর্তো। পেনাল্টি থেকে বল বায়ার্নের জালে জড়াতে কোনো ভুল করেননি স্ট্রাইকার রিকার্ডো কোয়ারেজমা। এই কোয়ারেজমাই খেলার দশম মিনিটে আরও একটি চোখ ধাঁধানো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
চোটের কারণে মাঠের বাইরে থাকা ফ্রাঙ্ক রিবেরি, বাস্তেন শোয়েনস্টাইগার এবং আরিয়েন রোবেনের অভাব ভালোভাবেই টের পেয়েছে বায়ার্ন। তবে খেলার ২৮ মিনিটের মাথায় খেলায় ফেরার ইঙ্গিত দেয় বায়ার্ন। গোলখরায় ভুগতে থাকা মিডফিল্ডার থিয়াগো আলকানতারার গোলে ব্যবধান কমিয়ে আনে জার্মান-জায়ান্টরা। প্রথমার্ধের বাকি সময়টা দুদলই পার করেছে আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে।
দ্বিতীয়ার্ধে খেলায় নিজেদের নিয়ন্ত্রণটা পোক্ত করে পোর্তো। জেরম বোটেংয়ের বলের গতি-প্রকৃতি বোঝার ভুলের মাশুল হিসেবে আরও একটি গোল হজম করতে হয় বায়ার্নকে। ৬৫ মিনিটে পোর্তোর হয়ে তৃতীয় গোলটি করেন স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ। এর পরে শেষ বাঁশি পর্যন্ত মোটামুটি ঘটনাবিহীন খেলা চলে। পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।
আগামী মঙ্গলবার ফিরতি লেগের খেলা হবে বায়ার্নের মাঠে। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় সেদিন বায়ার্নের কী পারবে অভাবনীয় কিছু করতে? সেমিফাইনালে যেতে এমন কিছুই যে তাদের করে দেখাতে হবে! সূত্র রয়টার্স