পোল্যান্ডের কাছে হারল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোটশেকে কাল বোতলবন্দীই রেখেছিলেন পোলিশ রক্ষণ-সেনারা। ছবি: এএফপি।
বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোটশেকে কাল বোতলবন্দীই রেখেছিলেন পোলিশ রক্ষণ-সেনারা। ছবি: এএফপি।

রিও ডি জেনিরোর বিশ্বকাপ ফাইনালের পরপরই যেন ভাঙা হাট জার্মান দল । অবসর নেওয়ার হিড়িক, চোট—সব মিলিয়ে সেরা একাদশটা যেন কিছুতেই বেছে নিতে পারছেন না কোচ জোয়াকিম লো। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কাল পোল্যান্ডের কাছে হেরে জার্মানি যেন প্রমাণ করল বিশ্বকাপ ফাইনালের পর নতুন যুগের সূচনাটা খুব তাড়াতাড়িই হয়ে গেছে তাদের জন্য। এতটাই তাড়াতাড়ি যে নতুন এই অধ্যায় শুরুর সাধারণ প্রস্তুতিটাও নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাদের ।
জার্মানির বিপক্ষে এটি পোল্যান্ডের প্রথম জয়। ওয়ারশর ঐতিহাসিক এই জয়ের নায়ক দুজন। আরকাদিউজ মিলিক ও সেবাস্তিয়ান মিলা। ৫১ মিনিটে আয়াক্স স্ট্রাইকার আরকাদিউজের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৮৮ মিনিটে সেবাস্তিয়ান মিলার গোলটি জার্মানির লজ্জাই বাড়িয়েছে কেবল।
এই হারে ম্যাচ শেষে নিজের হতাশাটা গোপন রাখেননি জার্মানির কোচ লো। তবে তিনি খুশি দল ভালো করায়। হারের মূল দায়ভারটা তিনি চাপাচ্ছেন প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারে জার্মান খেলোয়াড়দের ব্যর্থতার ওপরই, ‘পুরো ম্যাচে আমরা কিন্তু খারাপ খেলিনি। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট না করলে ফলটা অন্য রকমও হতে পারত। পোল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছে কেবল সুযোগের সদ্ব্যবহারে। অবশ্যই এই হারে আমরা সবাই খুব হতাশ।’
১৯তম ম্যাচে এসে প্রতিবেশী জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম বিজয়ে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত পোলিশরা। পোল্যান্ড ডিফেন্ডার লুকাস পিসজেক এই জয়ে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি যেন কিছুটা আবেগাক্রান্তও, ‘অনেক অপেক্ষার পর এসেছে এই জয়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখুন। বুঝতে পারবেন দীর্ঘ অপেক্ষার পর কোনো কিছু প্রাপ্তির আনন্দটা কেমন।’
জার্মানদের ঠেকাতে প্রতিআক্রমণের যে কৌশলটা হাতে নিয়েছিল পোল্যান্ড পিসজেক খুশি সেই কৌশলের সফল বাস্তবায়নে, ‘প্রতিআক্রমণ-নির্ভর কৌশলটা আজ জার্মানদের বিপক্ষে দারুণ কাজে লেগেছে। এই ম্যাচে পার্থক্যটা গড়ে দিয়েছে সুযোগের সদ্ব্যবহার। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি, জার্মানরা তাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জয় পোল্যান্ডের জন্য অনেক বড় এক অর্জন।’
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সাত বছর পর হারের স্বাদ পেল জার্মানি। গত জুলাইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে জার্মানরা। গত আগস্টে এক প্রীতিম্যাচে বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছেই ৪-২ গোলে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন জোয়াকিম লোর শিষ্যরা। গত মাসে ইউরোপ বাছাইপর্বে স্কটল্যান্ডের মতো দলকে হারাতেও কালঘাম ছুটে গিয়েছিল জার্মানদের।
এই হারটা এড়ানো যেত বলেই মনে হয়েছে জার্মানির ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যানুয়াল নয়্যারের কাছে, ‘এই হারটা আমরা এড়াতে পারতাম। আমরা কিন্তু মোটেও খারাপ খেলিনি।’
৫১ মিনিটে আরকাদিউজের প্রথম গোলটির জন্য নিজেকেই দায়ী করলেন নয়্যার, ‘ওই গোলটির জন্য আমিই দায়ী। আমি দেরিতে এগিয়ে এসেছিলাম দেখেই সে রাজ্যের সময় হাতে নিয়ে গোলটি করেছে।’
গতকালকের জন্য চোট খেলতে দেয়নি অধিনায়ক বাস্তেয়েই শোয়েনস্টাইগারকে। একই কারণে খেলেননি স্যামি খেদিরা ও মেসুত ওজিল। কাল জার্মানির জার্সি গায়ে অভিষেক হয়েছে বেয়ার লেভারকুসেনের করিম বেল্লারাবির। এই বেল্লারাবিই জার্মান মধ্যমাঠের দুর্গ সামলেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে টনি ক্রসের সঙ্গী ছিলেন ক্রিস্টোফ ক্রামার। মারিও গোটশে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। দলের একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন টমাস মুলার।
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জার্মানির পরবর্তী খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে, মঙ্গলবার। সূত্র: এএফপি।