প্যারিস ফিরে আসছে লিঁওতে
কে হায় হৃদয় খুঁড়ে ‘হ্যান্ডবলের স্মৃতি’ জাগাতে ভালোবাসে! সাত বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আয়ারল্যান্ড। প্যারিসের সেই ম্যাচ আজ ফিরে ফিরে আসছে লিঁওতে। ওই ম্যাচটির পর প্রতিযোগিতামূলক ফুটবলে আর কখনো মুখোমুখি হয়নি দুই দল। আজ ইউরোর দ্বিতীয় রাউন্ডে হ্যান্ডবলের সেই স্মৃতি জাগিয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আয়ারল্যান্ড।
ওই ম্যাচে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে উইলিয়াম গ্যালাসকে দিয়ে গোল করিয়েছিলেন থিয়েরি অঁরি। কিন্তু ব্যাপারটা রেফারির চোখে পড়েনি। ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে আয়ারল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্নও শেষ হয়ে যায়। এর পর আয়ারল্যান্ড বারবারই বলেছে, ডাকাতি করেই ২০১০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের! ফ্রান্স বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছিল। তবে এত দিন পর দুই দলই বলছে, ওই ম্যাচের স্মৃতি এখন অনেকটাই ধূসর।
আয়ারল্যান্ডের অবশ্য আজ আলাদা অনুপ্রেরণার দরকার নেই। শেষ মুহূর্তের গোলে ইতালিকে হারিয়ে নকআউটে ওঠাটাই একটা টনিক। আইরিশ কোচ মার্টিন ও’নিল সেটিই মনে করিয়ে দিলেন, ‘অবশ্যই ওটা (হ্যান্ডবল) একটা বাড়তি প্রেরণা, তবে এখন আমাদের সে রকম কিছুর দরকারও নেই। আমাদের দলটি ভালোভাবেই প্রস্তুত, দেশের হয়ে খেলতে পেরে তারা গর্বিত। এটাই অনেক বড় প্রেরণা।’ সেই ম্যাচটি আর মনে রাখতে চান না ও’নিল, ‘আমার মনে হয় আমরা সবাই ম্যাচটা ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই এটা নিয়ে কথা হবে, কিন্তু ম্যাচের সময় এটা কেউ মনে রাখবে না।’ ফ্রান্সের সহকারী কোচ গাই স্তেফানও সেই স্মৃতিটাকে সরিয়ে রাখছেন, ‘ওই ম্যাচের পর সেতুর নিচ দিয়ে অনেক জল বয়ে গেছে। ম্যাচের ওপর এটা কোনো প্রভাব রাখবে বলে আমার মনে হয় না।’
ফ্রান্সের হুগো লরিস, প্যাট্রিস এভরা, বাকারি সানিয়া ও আন্দ্রে পিয়েরে জিনিয়াক ছিলেন সেই ফ্রান্স দলে। আর আয়ারল্যান্ডের শে গিভেন, জন ও’শেয়া, গ্লেন হুইলান ও রবি কিন ছিলেন প্রতিপক্ষ। এই আটজনের জন্য তো আজকের ম্যাচটা অন্য রকমই হওয়ার কথা।
আয়ারল্যান্ডের সহকারী কোচ রয় কিনের যত মনোযোগ আজকের ম্যাচেই, ‘ইতালির সঙ্গে যেমন খেলেছি, সে রকম খেলতে পারলে আমাদের একটা সুযোগ আছেই।’ কিন্তু এক দিক দিয়ে এগিয়ে থাকছে ফ্রান্স, এই ম্যাচের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডের চেয়ে তিন দিন সময় বেশি পেয়েছে। স্তেফানের বিষয়টি খুব বড় নয়, ‘এর আগে অনেক দল প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েও বাদ পড়ে গেছে। প্রস্তুতি, অনুশীলন ও সেরে ওঠার ঠিক ভারসাম্য আপনাকে রাখতে হবে।’ এএফপি, রয়টার্স।