
খুব বেশি দিনের জন্য নয়, তবে তাঁরা দুজন একসময় সতীর্থ ছিলেন। ফ্রান্সের ক্লাব অজিরে থেকে ১৯৯৬ সালে বার্সেলোনায় যোগ দেন লরাঁ ব্লাঁ। ওই বছরই রিয়াল ছেড়ে বার্সেলোনায় আসেন লুইস এনরিকেও। ব্লাঁ বেশি দিন থাকেননি, পরের মৌসুমেই মার্শেইয়ে নাম লিখিয়ে ফিরে যান ফ্রান্সে। তবে এনরিকে টানা ৮ বছর খেলে অবসর নিয়েছেন বার্সেলোনা থেকেই। তারপর কোচ হয়ে এ ক্লাব, ও ক্লাব ঘুরে আবার ফিরেছেন সেই বার্সেলোনাতেই। কোচিংটা তত দিনে পেশা হয়ে গেছে ব্লাঁরও। বোর্দো, ফ্রান্সের পর গত মৌসুম থেকে তিনি প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) দায়িত্বে। ১৮ বছর আগের দুই সতীর্থকে নিয়তি মুখোমুখি দাঁড় করিয়ে দিল পরশু রাতে।
চাপটা ব্লাঁয়ের ওপরেই বেশি ছিল। লিগ ওয়ানে তাঁর দল বর্তমান চ্যাম্পিয়ন, অথচ এ মৌসুমে ৮টি ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে, বাকি ৫টিই ড্র। পয়েন্ট তালিকায় অবস্থান চার নম্বরে। প্রায় চাকরি হারানোর দশা ব্লাঁর। তার ওপর বার্সেলোনার বিপক্ষে ম্যাচ চোটের কারণে নেই ইব্রাহিমোভিচ, এজেকিয়েল লাভেজ্জি আর থিয়াগো সিলভাদের মতো নিয়মিত খেলোয়াড়দের। এই দল নিয়ে কি বার্সেলোনাকে হারানো যায়?
কিন্তু পিএসজি হারিয়ে দিল। প্যারিসে পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে ব্লাঁর দল ৩-২ গোলে জিতেছে এনরিকের বার্সেলোনার বিপক্ষে। ইব্রা-লাভেজ্জিদের অভাব বুঝতে না দিয়ে গোল করেছেন লুইজ, ভেরাত্তি ও মাতুইদি। চ্যাম্পিয়নস লিগে মেসির ৬৮তম গোল ও নেইমারের আরও এক গোলের পরও তাই বার্সেলোনা কোচ হিসেবে প্রথম হারের স্বাদ পেলেন এনরিকে। শিরোপার অন্যতম দাবিদারদের হারিয়ে আপাতত কিছুটা নির্ভার হলেন ব্লাঁও।
কোনো অজুহাত না খুঁজে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন বার্সেলোনা কোচ, ‘আমি কোনোমতেই এই হারের জন্য খেলোয়াড়দের দোষ-ত্রুটি খোঁজার চেষ্টা করব না। যখন কোনো দল হারে, পুরো দলের সবাই দায়ী থাকে। আর সেই দায় সবচেয়ে বেশি আমার।’
এনরিকে তাঁর খেলোয়াড়দের ত্রুটি খোঁজেননি, খোঁজেননি দুর্বলতাও। তবে পিএসজি কোচ ব্লাঁ কিন্তু জানতেন যে রক্ষণটাই বার্সেলোনার সবচেয়ে দুর্বলতম দিক। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ওদের অনেকগুলো খেলার ভিডিও দেখেছি এবং বুঝতে পেরেছি যে ওরা গোল না খেলেও প্রতিপক্ষকে অনেক সহজ সুযোগ দেয়। ওরা অনেক ঝুঁকি নেয়, বিশেষ করে ওদের দুই ফুলব্যাক।’
এগিয়ে থেকেও জিততে পারেনি ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজের মাঠে ইতালির ক্লাব রোমার সঙ্গে পরশু ১-১ গোলে ড্র করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠেও ১-০ গোলে হেরেছিল সিটি। পরপর দুটি ম্যাচে জয়ের দেখা না পাওয়ায় এখন গ্রুপ পেরোনো নিয়েই শঙ্কায় পড়ে গেছে সিটি।
তবে সিটি না পারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে চেলসি। আগের ম্যাচে শালকের সঙ্গে ১-১ গোলে ড্র করা হোসে মরিনহোর দল ১ গোলে হারিয়েছে মরিনহোরই নিজের শহরের ক্লাব স্পোর্টিং লিসবনকে। এস্তাদিও হোসে আল ভালদোয় ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন চেলসি মিডফিল্ডার নেমানিয়া মাতিচ। এএফপি।
এক নজরে ফল
লিসবন ০ : ১ চেলসি
শালকে ১ : ১ মারিবর
পিএসজি ৩ : ২ বার্সেলোনা
নিকোশিয়া ১ : ১ আয়াক্স
সিএসকেএ মস্কো ০ : ১ বায়ার্ন মিউনিখ
সিটি ১ : ১ রোমা
শাখতার ২ : ২ পোর্তো
বরিসভ ২ : ১ বিলবাও
* প্রথমে স্বাগতিক দল
টুকিটাকি
সিএসকেএ মস্কোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের শততম জয়। জার্মান চ্যাম্পিয়নদের আগে এই মাইলফলক ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ (১১৭), বার্সেলোনা (১০৯), ম্যানচেস্টার ইউনাইটেড (১০৭)।
ইউরোপীয় টুর্নামেন্টে নিজের মাঠে টানা ৩০ ম্যাচ অপরাজিত পিএসজি। নিজের মাঠে তাদের সর্বশেষ হার ২৩ নভেম্বর ২০০৬ সালে, ইউরোপা লিগে হ্যাপোয়েল তেল আবিবের কাছে ৪-২ গোলে।
পিএসজির বিপক্ষে মেসির গোলটা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ৫০০তম গোল। এর আগে এই মাইলফলক পেরিয়েছে রিয়াল মাদ্রিদ (৮২৬) ও বায়ার্ন মিউনিখ (৫৫১)।
রোমার বিপক্ষে ৪ মিনিটে করা সার্জিও আগুয়েরোর গোলটি চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় দ্রুততম গোল। দ্রুততম গোলটিও আগুয়েরোর, গত মৌসুমে সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩ মিনিটে।