প্যারিসে বিধ্বস্ত বার্সেলোনা

ভালোবাসা দিবসে প্যারিস—এর চেয়ে রোমান্টিক আর কিছু হয় নাকি! কবিতার শহর, প্রেমের শহরের আবেদনই তেমন। তবে বার্সেলোনার খেলোয়াড়েরা এ নিয়ে এখন দ্বিমত করতে পারেন। পরশু বিশ্ব ভালোবাসা দিবসে কী অপমানই না তাদের সইতে হলো! অবিশ্বাস্য এক স্কোরলাইন—প্যারিস সেন্ট-জার্মেই ৪: ০ বার্সেলোনা! বলতে গেলে শেষ ষোলোর প্রথম লেগেই শেষ হয়ে গেছে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন।
শুধু স্কোরলাইন নয়, শেষ কবে বার্সেলোনা এতটা জঘন্য খেলেছে, সেটিও গবেষণার ব্যাপার। কি রক্ষণ, কি মাঝমাঠ—বার্সেলোনার যেন কোথাও কেউ ছিল না! আর এমএসএন? শুধু নেইমারকেই একটু খুঁজে পাওয়া গেছে। মেসি আর সুয়ারেজ ম্যাচে ছিলেন কি না, সেই সংশয় দূর করতেও মাঝে মাঝে চোখ কচলে নিতে হয়েছে।
দলটা বার্সেলোনা বলেই তাঁদের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। না হলে এই ম্যাচে পিএসজি যা খেলেছে, সেটি মুগ্ধতা ছড়ানো। কৌশলে, শক্তিতে, গতিতে বার্সাকে রীতিমতো অসহায় করে রাখে ৯০ মিনিটজুড়ে। মাঝমাঠে বলের দখল রেখেছে; আবার বার্সার পায়ে যখনই বল গেছে, একসঙ্গে ঘিরে ধরেছেন ভেরাত্তি-রাবিওরা। আক্রমণে উসাইন বোল্ট গতিতে বারবার বার্সা বক্সে ঢুকেছেন ড্র্যাক্সলার-ডি মারিয়া। আর ‘ডিফেন্স কীভাবে করতে হয়’ সেটি যেন বার্সেলোনার খেলোয়াড়দের হাতে-কলমে বুঝিয়ে দিয়েছেন মুনিয়ের-মারকিনহোস, এমনকি তরুণ প্রেসনেল কিম্পেম্বেও। অনেকে তো এ-ও বলছেন, ‘ম্যাচে ১১ জন পুরুষের সঙ্গে বার্সার ১১ জন বালক খেলেছে!’
তাতে আলাদা করে আলো কেড়েছেন পরশুই জন্মদিন পালন করা দুজন—অ্যাঙ্গেল ডি মারিয়া ও এডিনসন কাভানি। ১৮ মিনিটে ফ্রিকিক থেকে ডি মারিয়ার গোলে শুরু পিএসজির উৎসব, শেষ ৭১ মিনিটে কাভানির গোলে। মাঝে ৪০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন জানুয়ারিতেই যোগ দেওয়া জুলিয়ান ড্র্যাক্সলার। তবে ৫৫ মিনিটে পিএসজির তৃতীয় গোলটিই হলো সবচেয়ে সুন্দর, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে যখন বার্সা গোলকিপার টের স্টেগেনকে দর্শক বানিয়ে রাখেন ডি মারিয়া।
আক্রমণ-প্রতি আক্রমণে দুর্দান্ত একটা ম্যাচের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তাই ম্যাচটা হলো পিএসজির আক্রমণ ও বার্সার অসহায় আত্মসমর্পণের গল্প। এই গল্পেও ছোট ছোট অধ্যায় খুঁজে পাওয়া যায়—
‘নিখোঁজ’ মেসি
এটাই কি বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির সবচেয়ে জঘন্য পারফরম্যান্স? আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঝমাঠে বল হারিয়েছেন অনেকবার, পুরো ম্যাচে পিএসজির বক্সে একবারও বলে স্পর্শ করেননি। এই মৌসুমেও অনেকবারই বার্সেলোনাকে উদ্ধার করেছেন ‘খুদে জাদুকর’, তবে পরশু সম্ভবত জাদুর বাক্সটা বার্সেলোনাতেই ভুলে রেখে এসেছেন। তবে শুধু তিনিই নন, সুয়ারেজ-ইনিয়েস্তারাও ছিলেন নিজের ছায়া হয়ে।
হতবুদ্ধি এনরিকে
ম্যাচের শুরুতে বার্সেলোনার একাদশ দেখেই টুইটারে শুরু হয়ে গেল ঝড়—‘ইভান রাকিটিচ কোথায়?’ ম্যাচে বার্সার ডান পাশ দিয়ে বারবারই আক্রমণে উঠেছে পিএসজি। তা ওঠারই কথা, ডান পাশে নিচে নেমে রক্ষণে সাহায্য করা মেসির কাজ নয়, তার ওপর রাইটব্যাকে ‘ঠেকায়’ কাজ চালাচ্ছেন মিডফিল্ডার সার্জি রবার্তো। সেখানে রাকিটিচের মতো একজন বক্স টু বক্স মিডফিল্ডার হয়তো কিছুটা ভরসা দিতে পারতেন। কিন্তু এনরিকে তাঁকে বসিয়ে রেখে নামিয়েছেন এই মৌসুমেই দলে আসা আন্দ্রে গোমেসকে। অন্তত মাঠের এমাথা-ওমাথা দৌড়ানোর মতো ফুটবলার গোমেস নন। ৬০ মিনিট পর তাঁকে উঠিয়ে নেন এনরিকে, কিন্তু ততক্ষণে ৩-০ গোলে পিছিয়ে গেছে বার্সা।
দুর্দান্ত এমেরি
এনরিকে যেখানে ব্যর্থ, প্রতিপক্ষ উনাই এমেরি সেখানেই সফল। এমনিতেই ম্যাচের আগে খুঁটিনাটি বিষয়ও বিশ্লেষণ করেন বলে খ্যাতি আছে তাঁর। তা বার্সেলোনার বিপক্ষে প্রস্তুতি তাহলে দুর্দান্তই ছিল পিএসজির স্প্যানিশ কোচের! এর আগে ২৩ ম্যাচে বার্সার বিপক্ষে জিতেছিলেন মাত্র একবার। পরশু দ্বিতীয় জয়টা তুলে নিলেন কৌশলের মারে বার্সেলোনাকে পুরো বোকা বানিয়ে।
হতশ্রী বুসকেটস
মৌসুমের শুরু থেকেই প্রশ্ন ছিল সার্জিও বুসকেটসের ফর্ম নিয়ে। পরশুর পারফরম্যান্সের পর তা বাড়ছে। প্রতিপক্ষকে বিন্দুমাত্রও চাপে রাখতে পারেননি, আক্রমণেও সাহায্য করতে পারেননি। স্প্যানিশ মিডফিল্ডারকে শক্তিতে, বুদ্ধিতে, কৌশলে ছাপিয়ে গেছেন পিএসজির আদ্রিয়েন রাবিও ও মার্কো ভেরাত্তি।
দুর্দান্ত ড্র্যাক্সলার
ম্যাচজুড়ে বার্সার রক্ষণে কাঁটা হয়েছিলেন জুলিয়ান ড্র্যাক্সলারও। ঝোড়োগতির সঙ্গে মুভমেন্ট, ঠিকমতো ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেওয়ায়ও জার্মান মিডফিল্ডারের নৈপুণ্য ছিল দেখার মতো। ৩৪ মিলিয়ন ইউরো খরচ করে কেন জানুয়ারিতে তাঁকে দলে এনেছে পিএসজি, সেটি ভালোভাবেই বুঝিয়ে দিলেন ড্র্যাক্সলার। সূত্র: ইনডিপেনডেন্ট, বিটি স্পোর্টস।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজি কখনো বাদ পড়েনি
৬
চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে বার্সেলোনার জালে ৪ গোল দেওয়া ষষ্ঠ দল পিএসজি। আগের পাঁচটি—এসি মিলান, ডায়নামো কিয়েভ, ভ্যালেন্সিয়া, চেলসি ও বায়ার্ন মিউনিখ।
৪-০
চ্যাম্পিয়নস লিগে এটি বার্সেলোনার যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের হারও। ১৯৯৪ সালে মিলান ও ২০১৩ সালে বায়ার্নের কাছে ৪-০ গোলে হেরেছে বার্সা।