প্যারিসে মেসি, আর্জেন্টাইনরা খুশি
ছবির দেশে, কবিতার দেশে খেলবেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে ছিন্ন করেছেন দীর্ঘ ২১ বছরের বন্ধন। কিন্তু মেসির পিএসজি-যাত্রাকে কীভাবে দেখছে তাঁর নিজের দেশ আর্জেন্টিনার মানুষ?
আর্জেন্টিনার মানুষ খুশি। প্যারিসে গিয়ে মেসি কখন কোন হোটেলে উঠেছেন, কখন পিএসজির সঙ্গে চুক্তি সই করলেন, কখন সংবাদ সম্মেলনে এলেন—প্রতিটি ক্ষণের খোঁজখবর রাখছেন আর্জেন্টিনার মেসি–ভক্তরা।
পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০ হলেও আর্জেন্টাইনদের কাছে মেসির পরিচয় তো ‘নাম্বার টেন’ই। সেই পরিচয় ধরে আর্জেন্টাইন সংবাদপত্র ওলে শিরোনাম করেছে, ‘মেসি এসেছে, প্যারিসে ১০ নম্বরের অভ্যুত্থান ঘটেছে।’
বার্সেলোনার ভক্তরা যখন তাদের তারকা ফুটবলারকে হারিয়ে কাঁদছে, তখন পিএসজির পাঁড় সমর্থকেরা আনন্দে উদ্বেল। পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে গেছে আর্জেন্টাইন তারকার সব জার্সি।
বাংলাদেশ সময় ভোর পৌনে চারটার মধ্যে পিএসজির অফিশিয়াল অনলাইন স্টোরে মেসির সব জার্সি বিক্রি হয়ে যায়। অবশ্য বেশ চড়া দামেই সবাই কিনছে মেসির জার্সি।
পুরো দলে মেসির জার্সির দাম সবচেয়ে বেশি। এ ছাড়া ‘প্যারিসে এক টুকরা হিরে’ নামে মেসিকে নিয়ে তৈরি একটা ভিডিও পোস্ট করেছে পিএসজি।
ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মেসির প্যারিস–যাত্রাকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে আর্জেন্টাইনরা। বুয়েনস এইরেসের ৬০ বছর বয়সী স্বাস্থ্যকর্মী হোসে ইতুরিয়া বলছিলেন, ‘বার্সেলোনায় শেষটা দেখে ফেলেছে সে এবং মেসির নতুন কোথাও যাওয়াটা অবশ্যই ভালো বিষয়। সত্যটা হচ্ছে সেরার যোগ্য সে। কারণ, সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
তারার মেলায় মেসির সঙ্গে খেলবেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা, স্পেনের সেন্টার ব্যাক সের্হিও রামোস ও ব্রাজিলের নেইমার। নতুন এই তারকাদের সঙ্গে খেলে মেসির ভালো হবে বলে মনে করছেন ৩৮ বছর বয়সী সমর্থক দারিও লুকি, ‘একটা নতুন পরিবেশ এবং তাকে ঘিরে থাকবে আরও অনেক তারকা। সব মিলিয়ে এটা তার এবং তার দলের জন্য ভালো কিছুই হবে।’