প্যারিসে যেতে ভয় লুইজের

শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্যারিস এখন মৃত্যুপুরী, আতঙ্কের এক শহর। মৃত্যুর ভয়াবহতা যেখানে নিজের অস্তিত্বের জানান দিয়ে গেছে, সেখানে ফিরে যেতে জোর অনীহা ডেভিড লুইজের। প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) এই ব্রাজিলীয় তারকা জানিয়েছেন, তিনি প্যারিসে ফিরে যেতে চান না।
প্যারিস হামলার সময় সেখানে ছিলেন না লুইজ। ব্রাজিলের হয়ে খেলছিলেন লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আর্জেন্টিনার বিপক্ষে অমীমাংসিতভাবে শেষ হওয়া ম্যাচটির আগেই জানতে পারেন তাঁর কর্মস্থলে মৃত্যুর মিছিলের কথা। কিছুটা যেন বিহ্বলই হয়ে পড়েছেন তিনি। নিজের নিরাপত্তা তো বটেই চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও। এই অবস্থায় প্যারিসে ফিরতে কেন যেন মন টানছে না তাঁর।
পেশাদারি দায়িত্বের চেয়েও নিজের ও পরিবারের নিরাপত্তাকে বড় করে দেখতে চান লুইজ, ‘হ্যাঁ, আমি জানি প্যারিস আমার কর্মস্থল। পিএসজি আমাকে অনেক টাকা বেতন দিচ্ছে, সুযোগসুবিধা দিচ্ছে। কিন্তু যে চাকরি আমার জীবনের শঙ্কা তৈরি করে, সেটা আমি ছেড়েও দিতে পারি।’ এই মুহূর্তে পরিবারের সদস্যদের ভাবনায় রাতে ঘুম নেই লুইজের, ‘প্যারিসে আমার বান্ধবী আছে। আছে পরিবারের বেশ কয়েকজন সদস্য। বন্ধু-বান্ধব কিংবা পরিচিতজনের কথা না হয় ছেড়েই দিলাম। তারা সবাই খুব ভীত। নিজেদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কায় আছে। আমি জানি না আমি কী করব। প্যারিসে ফিরে যেতে আমি ভয় পাচ্ছি প্রচণ্ড।’
বিষয়টা নিয়ে ভাবার জন কিছুটা সময় পাচ্ছেন লুইজ। অন্তত আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের আরও একটি ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। সূত্র: ডেইলি মেইল।