প্রতারক ফোন কলে খেলে গেছেন বড় ক্লাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউদাম্পটের জার্সি গায়ে ‘জর্জ উইয়াহর চাচাতো ভাই’! ফাইল ছবি
সাউদাম্পটের জার্সি গায়ে ‘জর্জ উইয়াহর চাচাতো ভাই’! ফাইল ছবি

সাউদাম্পটনের তখনকার কোচ গ্রায়েম সাউনেসের কাছে একটা ফোন কল এল। ‘আমি জর্জ উইয়াহ বলছি। আমার এক চাচাতো ভাই আছে, যে তোমাদের দলকে প্রিমিয়ার লিগে টিকে থাকতে সাহায্য করবে। ওকে খেলিয়ে দেখাতে পার।’
ঘটনা বিশ বছর আগে, ১৯৯৬ সালের। তখন তো আর কে কোন নম্বর থেকে ফোন করেছে, ফোন কর্তা আসলেই জর্জ উইয়াহ কি না, বোঝার সহজ উপায় ছিল না। আর সাউনেসের বিশ্বাসও হয়েছিল, উইয়াহর মতো একজন ফোন করে বলছেন যখন, খেলিয়েই দেখি না তাঁর ভাইকে।
সাউদাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে ৫৩টি মিনিট খেলে ফেললেন সেই ফুটবলার। স্রেফ একটা ফোন কলের ওপর ভিত্তি করে। নাম তাঁর আলী দিয়া। পরে জানা গেল, উইয়াহ নয়, বরং উইয়াহ সেজে নিজেই কোচকে ফোন দিয়েছিলেন দিয়া নিজেই। আর এভাবেই খেলে গেছেন বিশ্বের শীর্ষ লিগে! অথচ ফুটবলার হিসেবে ছিলেন একেবারে যাচ্ছে-তাই!
১৯৯৬ সালে উইয়াহ এসি মিলানের হয়ে খেলছিলেন। লাইবেরিয়ান কিংবদন্তি ফুটবলার তখন দারুণ ফর্মে। ১৯৯৫ সালে তো জিতেছিলেন ফিফার বর্ষসেরার পুরস্কারও। ওদিকে সাউদাম্পটনও প্রিমিয়ার লিগে টিকে থাকতে লড়ছিল। তখনই সাউনেসের কাছে এল কথিত সেই ‘উইয়াহ’র ফোন। ও প্রান্ত থেকে উইয়াহ এভাবে সনদ দিলেন, ‘দিয়া আমার সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ে খেলেছে, সেনেগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচে গোলও আছে ওর। সাউদাম্পটনের প্রিমিয়ার লিগের টিকে থাকার লড়াইয়ে বেশ ভালো কাজে আসতে পারে সে।’ 

উইয়াহর চাচাতো ভাই, খোদ উইয়াহ নিজে সুপারিশ যখন করছে, চেষ্টা করে দেখাই যাক না। সাউনেস এই এক ফোন কলেই প্রভাবিত হয়ে গেলেন। খোঁজও নিতে গেলেন না, আসলেই উইয়াহ ফোন করেছেন কি না। দিয়াকে ডেকে আনলেন ক্লাবে। এক মাসের চুক্তিতে ‘স্ট্রাইকার’ হিসেবে পেয়ে গেলেন জার্সি নম্বর ৩৩ও।
লিডসের বিপক্ষে এক ম্যাচে ক্লাবের তখনকার সেরা ফুটবলারদের একজন লি টিসিয়েকে তুলে ৩২ মিনিটে মাঠে নামিয়ে দেওয়া হলো দিয়াকে। সেই স্মৃতি যেন আজও ভুলতে পারেননি সাউদাম্পটনের এই ক্লাব কিংবদন্তি। পরে এক সাক্ষাৎ​কারে বলেছিলেন, ‘আমার বদলি হিসেবেই আলী দিয়া নেমেছিল মাঠে! অবিশ্বাস্য লাগছিল। সে মাঠজুড়ে তিড়িং-বিড়িং করে দৌড়াচ্ছিল। সেটা দেখতেও যে কী বিব্রত লাগছিল! এতটাই যে, সাউনেস তাকে আবার মাঠ থেকে তুলেও নেয়।’ ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে দিয়াকে মাঠ থেকে তুলে নেন সাউনেস। ম্যাচটা সাউদাম্পটন হেরে যায় ২-০ গোলে।
এরপর কী হলো? লি টিসিয়ের কাছেই শুনুন, ‘জানি না ও আসলেই জর্জ উইয়াহর চাচাতো ভাই কি না। আমার মনে হয় না। ও মাঠে নেমে খেলেছে, এতেই কী খুশি ছিল! ম্যাচের পরের দিন ফিজিও বললেন, ও নাকি এরই মধ্যে চোটেও পড়েছে। যা হলো, রোববার সকালে ও এল, একটু-আধটু চিকিৎসা নিল। এরপর পগার পার। আর কখনোই ওকে দেখিনি আমরা। ফিরেই আসেনি ও। কেউ জানেও না ও কোথায় গেছে।’
লি টিসিয়েরের আরেকটি বিভ্রান্তি সাউনেস কীভাবে ফোনে উইয়াহ নামটা শুনেই সব অন্ধের মতো বিশ্বাস করে ফেললেন, ‘খুবই বিদঘুটে ছিল ব্যাপারটা। জানি না সাউনেসের মতো এত অভিজ্ঞ একজন কীভাবে এটা বিশ্বাস করল।’
পরে অবশ্য প্রমাণিত হয়, দিয়া সেনেগালের হয়ে কখনো খেলেননি, পিএসজির খেলোয়াড় তালিকায়ও তাঁর নাম কখনো ছিল না। জর্জ উইয়াহর চাচাতো ভাই তো ছিলেনই না। দিয়া নাকি একইভাবে ‘উইয়াহ’ সেজে বোকা বানাতে চেয়েছিলেন ইংল্যান্ডের নিচের দিকের একটি ক্লাবকেও। কিন্তু সাউনেসের মতো করে কেউ সেটি বিশ্বাস করেননি। সূত্র: ডেইলি মেইল।