প্রতিজ্ঞা রাখলেন লেভানডফস্কি

‘বুধবার আর্সেনালকে দেখাব আসল বায়ার্ন কেমন!’ ম্যাচের আগে এমনই এক হুংকার দিয়ে রেখেছিলেন আর্তুরো ভিদাল। স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও লন্ডনের ক্লাবটিকে লন্ডভন্ড করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ‘প্রতিজ্ঞা’টা রাখলেন ভিদাল-লেভারা। আর্সেনালের মাঠে সর্বশেষ ম্যাচেই ২-০ গোলে হারের হিসেবটা কড়ায়-গণ্ডায় চুকিয়ে দিলেন তাঁরা। আলিয়াঞ্জ অ্যারেনায় কাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গানারদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় নামার আগে লেভা-ভিদালদের হুংকারে বুঝি মুচকি হেসেছিলেন আর্সেনালের খেলোয়াড়েরা। এর আগে যে কখনোই বায়ার্নের এই মাঠে হারেনি তাঁরা। একটু ধুলো জমা ইতিহাসের সঙ্গে টাটকা প্রেরণা ছিল গত ম্যাচেই এমিরেটসের দুর্দান্ত জয়টা। তবে এবারও তেমন কিছুর স্বপ্নে প্রথম ধাক্কাটা লাগল ম্যাচের দশ মিনিটে। হুমকির সত্যতা প্রমাণের দায়বদ্ধতা থেকেই কি না, গোলটা করলেন লেভানডফস্কিই। এতে ‘গোলখরা’ও কাটল পোলিশ স্ট্রাইকারের। যে আগুনে ফর্মে ছিলেন, তাতে টানা দু-ই ম্যাচে গোল না পাওয়া তো গোলখরাই!
লেভাকে পাল্টা জবাব প্রায় সঙ্গে সঙ্গেই দিয়েই দিচ্ছিল আর্সেনাল। তবে মেসুত ওজিলের গোলটা বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে। এরপর বাকি সময় একেবারেই বায়ার্নময়। ঘরের মাঠে শেষ ৫ ম্যাচে ২৬ গোল করা বাভারিয়ানরা ব্যবধান বাড়িয়ে নিল টমাস মুলারের ‘অভ্যাস’ গোলে। ঘরের মাঠে সর্বশেষ ছয় ম্যাচে ৬ গোল করলেন জার্মান মিডফিল্ডার। এরপর লেফটব্যাক ডেভিড আলাবার দুর্দান্ত গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। তবে পিওতর চেককে ধন্যবাদ দিতে পারে আর্সেনাল! এই চেক গোলরক্ষক দুর্দান্ত দু-তিনটি সেভ না করলে প্রথমার্ধেই ব্যবধানটা আরও বড়ই হতো।
ব্যবধান শেষ পর্যন্ত বড়ই হল। ৫৫ মিনিটে কিংসলে কোমানের বদলি হিসেবে মাঠে নামলেন আরিয়েন রোবেন। নেমেই প্রথম টাচে গোল, ৩৭ সেকেন্ডের মধ্যেই। এ যেন ‘এলেন, দেখলেন, আর নির্বিকারে গোলটা করে দিলেন।’ ম্যাচ শেষ হওয়ার আগের মিনিটে টমাস মুলারের গোলের মাঝে আর্সেনালের হয়ে একটা গোল শোধ করলেন অলিভিয়ের জিরু। গোলটা দুর্দান্ত ছিল, তবে শুধুই স্বান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারল না আর্সেনালকে। এ ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আশঙ্কাটা জেঁকে ধরল গানারদের। পরের দুই ম্যাচেই জিততে তো হবেই, অলিম্পিয়াকোসের মাঠে জয়টা হতে হবে ন্যূনতম ২ গোলের ব্যবধানে। তথ্যসূত্র: ইএসপিএন।