প্রতিদ্বন্দ্বিতার আবহ ফেরার আশা

গত দুই প্রিমিয়ার লিগেই অন্যদের সঙ্গে বিপুল ব্যবধান রেখে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এবার কাজটা সহজ হবে না তাদের জন্য।

প্রিমিয়ার লিগে এবার প্রতিদ্বন্দ্বিতার আশাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেশাদার ফুটবলজগতে পা রেখেছে বাংলাদেশ ২০০৭ সালে। তবে এত বছরেও দেশের ফুটবলে পেশাদারি এসেছে কি না, সেটা একটা প্রশ্ন। আজ প্রিমিয়ার লিগের ১৩তম আসরও শুরু হচ্ছে সেই প্রশ্নটা সঙ্গী করেই।

১২ দলের লিগে এবারই প্রথম নেই ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। তাদের অবনমনের মধ্য দিয়ে ঐতিহ্যের যেমন পতন হয়েছে, তেমনি দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নতুন সূর্যোদয় বলতে পারেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে। চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতে এবার প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছে ২০০৫ সালে ঢাকার খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ক্লাবটি।

গতবারের শিরোপাধারী বসুন্ধরা কিংস
প্রথম আলো

লিগের ভেন্যু নিয়ে গেল কয়েক দিনে বেশ নাটকই ‘উপহার’ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত পরশু বাফুফে সর্বশেষ জানিয়েছে, আপাতত লিগের খেলা হবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তবে পাঠকদের জন্য ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’—দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার কিন্তু শেষ কথা বলে কিছু নেই।

প্রিমিয়ার লিগের গত ১২ আসরে ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। শিরোপার রেসে এবারও তারা আছে, তবে সঙ্গে যোগ করতে হবে সাইফ স্পোর্টিং ক্লাবের নামটাও। গত দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরার সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে আগের দুবার যে রকম তারা অন্যদের তুলনায় অনেক এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে, আবাহনী শক্তিশালী দল গড়ায় এবার সেটা কঠিনই হবে।

মৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছে আবাহনী। তাদের সামনে এখন লিগ শিরোপা পুনরুদ্ধার করে এক মৌসুমে তিনটি ট্রফি জেতার সুযোগ। স্বাভাবিকভাবেই ত্রিমুকুটে চোখ রেখে লিগ শুরু করছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস, ‘এবার লিগ শিরোপাটাও আমাদের চাই। তবে লিগটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকবে বসুন্ধরা, সাইফ আর শেখ রাসেলও।’ আগামীকাল টঙ্গীতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

লিগে এবার শিরোপার বড় দাবিদার আবাহনী লিমিটেড
ছবি: প্রথম আলো

বসুন্ধরার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ অভিজাত ফুটবলে নাম লেখাতে যাওয়া স্বাধীনতা সংঘের কোচ মাসুদ আলমকে গতকাল বেশ রোমাঞ্চিতই মনে হলো, ‘নতুন দল হলেও আমাদের প্রত্যাশা বড়। পয়েন্ট টেবিলে পঞ্চম থেকে অষ্টম দলের মধ্যে থাকতে চাই আমরা। আগামীকাল (আজ) বসুন্ধরার বিপক্ষে পয়েন্ট নিতে পারলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’ দলটি নতুন হলেও তাদের ৭-৮ জন খেলোয়াড় আগে থেকেই বিভিন্ন দলের হয়ে প্রিমিয়ার লিগে খেলছেন।

এবারের লিগে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ভালো মানের বিদেশি খেলোয়াড়দের লড়াই। পাঁচ মহাদেশের ২৩ দেশের ৪৮ জন বিদেশি খেলোয়াড়ের ৮ জনই ব্রাজিলের। বসুন্ধরার আক্রমণভাগের নেতৃত্ব দেবেন গত লিগে ২১ গোল করা সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান রবসন দা সিলভা। যদিও গোল বানিয়ে দিতে তিনি এবার পারবেন না স্বদেশি জোনাথন ফার্নান্দেজকে। স্বাধীনতা কাপে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তবু লক্ষ্যে অটুট রবসন, ‘আমি আগেরবারের চেয়ে এবার আরও বেশি গোল করে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’

কাজটা অবশ্য সহজ হবে না রবসনের জন্য। ব্রাজিল থেকেই তাঁর যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দোরিয়েলতন গোমেজকে নিয়ে এসেছে আবাহনী। প্রথম দুটি টুর্নামেন্টে ৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতা আবাহনীর এই ফরোয়ার্ড। গত দুই মৌসুমে বসুন্ধরার একক দাপট দেখার পর এবারের লিগ যেন ফিরে পাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আবহ।