প্রতিদ্বন্দ্বী যখন গুরু-শিষ্য
রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ।
গুরু-শিষ্যের লড়াই! পরশু চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর থেকেই ম্যাচটিকে সবাই দেখছিলেন এভাবে। অন্য সবার কথা বাদ দিন, জিনেদিন জিদান নিজেই তো ম্যাচটির উপমা দিয়েছেন একইভাবে! সংবাদ সম্মেলনে রিয়াল কোচের কণ্ঠে মুগ্ধতাই ঝরল সাবেক ‘গুরু’র জন্য, ‘এটা মাস্টারের সঙ্গে ছাত্রের লড়াইয়ের মতো। কার্লো আনচেলত্তির বিপক্ষে দাঁড়ানো স্পেশাল কিছুই হবে। তাঁর পাশে দাঁড়িয়ে অনেক শিখেছি। কোচ হিসেবে দুর্দান্ত অনেক অর্জন তাঁর, মানুষ হিসেবেও অসাধারণ। খুশি যে এখন একে অন্যের মুখোমুখি হচ্ছি, ম্যাচটা অসাধারণ হবে।’
তিন বছর আগে সর্বশেষ যখন চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল-বায়ার্ন, আনচেলত্তি ছিলেন রিয়ালের ডাগআউটে। জিদান তাঁর সহকারী। সেই মৌসুমে দুজন মিলে রিয়ালকে ‘লা ডেসিমা’ও জেতান—চ্যাম্পিয়নস লিগে ক্লাবের দশম শিরোপা। সেই জিদান এখন রিয়ালের ডাগআউট সামলাচ্ছেন। দায়িত্ব নিয়েই রিয়ালকে আরেকবার ইউরোপ-সেরাও বানিয়েছেন ফরাসি কিংবদন্তি। আর এই মৌসুমেই পেপ গার্দিওলার রেখে যাওয়া শূন্যস্থানে বসেছেন আনচেলত্তি।
এবার আর একসঙ্গে মিলে প্রতিপক্ষ বধের কৌশল নয়, বরং জিদান-আনচেলত্তি একে অন্যকে ঘায়েলের মোক্ষম বুদ্ধিটিই খুঁজবেন ভিন্ন ডাগআউটে দাঁড়িয়ে। তবে মুচকি হাসিতে আবেগটা আড়াল করে ‘জিজু’ বললেন, ‘ড্রয়ের পর থেকে তাঁর সঙ্গে আর কথা হয়নি।’ বরং ম্যাচ নিয়েই তাঁর যত আগ্রহ, ‘এমন মুহূর্তগুলোর জন্যই আমি বাঁচি। খেলোয়াড় থাকার সময়ও এমন ম্যাচে খেলতে ভালোবাসতাম। বায়ার্নের মতো বড় ক্লাবের সঙ্গে ম্যাচ হওয়ায় আমি খুশি।’ একই সুর আনচেলত্তিরও, ‘রিয়াল মাদ্রিদ ক্লাবটিকে আমি ভালোভাবেই চিনি, ম্যাচটাও অনেক আকর্ষণীয় হবে।’
জিদানকে কথা বলতে হলো রিয়ালের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র-তত্ত্ব নিয়েও। রিয়াল নাকি ড্রতে প্রভাব খাটিয়ে সহজ দল বেছে নেয়। সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও একবার বলেছিলেন, ড্রতে কিছু বল গরম বা ঠান্ডা রেখে নাকি ইচ্ছেমতো ড্র করা যায়। এসব অভিযোগ জিদান উড়িয়ে দিলেন স্বভাবজাত হাস্যরসে, ‘(এসব অভিযোগ শুনে) কেবলই হাসি। আমরা তো জানি, ড্রতে গরম বল বলে কিছু থাকে না। খুব কঠিন একটা প্রতিপক্ষের সামনে পড়তে যাচ্ছি। কিন্তু ড্রতে যা পাওয়ার তা-ই পেয়েছি, এখানে আমাদের কিছু করার নেই।’ এএফপি, ফোরফোরটু।