প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন, কতটুকু প্রস্তুত মেয়েরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণার ওপর ভরসা বাংলাদেশের। ছবি: প্রথম আলো
কৃষ্ণার ওপর ভরসা বাংলাদেশের। ছবি: প্রথম আলো

অটুট মনোবলই আজ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় শক্তি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা যে খুব কঠিন প্রতিপক্ষ, এতে কোনো সন্দেহই নেই। বাছাইপর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা কৃষ্ণা-স্বপ্না-সানজীদাদের জন্য এ ম্যাচ যেন এক অগ্নিপরীক্ষাই। স্বপ্নের এই অভিযান শুরুর আগে কতটা প্রস্তুত বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মেয়েরা? বাংলাদেশ কি পারবে এই কঠিন পরীক্ষায় নিজেদের উজাড় করে দিতে? উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের ক্ষমতাই-বা বাংলাদেশের কতটুকু?

ফর্মেশন ৫-২-৩
এক বছর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গ্রুপসঙ্গী ইরান, আরব আমিরাত, সিঙ্গাপুর, কিরগিজস্তানের মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ফরমেশন ছিল ৪-৩-৩। থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে প্রতিপক্ষ আরও শক্তিশালী উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। এই তিন দলের বিপক্ষে কোচ গোলাম রব্বানী ছোটন বাংলাদেশকে খেলাবেন ৫-২-৩ ফরমেশনে। বাস্তবতা মেনেই যেন এই ফরমেশন বেছে নেওয়া তাঁর। লক্ষ্যটা খুব পরিষ্কার, মিডল করিডর থেকেই গোলের দরজাটা বন্ধ করে দেওয়া।

দুর্বলতার জায়গা গোলকিপিং
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সবচেয়ে দুর্বল জায়গা গোলকিপিং। ম্যাচের এক দিন আগেও নাকি ঠিক করা যায়নি বাংলাদেশের গোলপোস্ট আগলাবে কে? দুজন গোলকিপার আছে—রোকসানা ও মাহমুদা। এই দুজনের মধ্যে অবশ্য রোকসানার খেলার সম্ভাবনাই বেশি। এই মেয়েটির উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। গোলকিকটা ভালো নিতে পারে। আই কনটাক্ট ও গ্রিপ নিয়ে সন্তুষ্টি আছে কোচের। তবে সর্বনেশে ব্যাপার হচ্ছে স্নায়ু। অল্পতেই ভেঙে পড়ার একটা ব্যাপার আছে তার মধ্যে। উত্তর কোরিয়ার বিপক্ষে এই ভয়কে জয় করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোলকিপারদের কি স্নায়ুর চাপে ভুগলে চলে?

মোটামুটি ভালো রক্ষণভাগ
তিন সেন্টার ব্যাক খেলিয়ে গোলের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টাই থাকবে বাংলাদেশের। আশার কথা হচ্ছে, বাংলাদেশের রক্ষণসেনারা শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী। নার্গিস খাতুন, মাসুরা পারভীন ও শিউলি আজিমের গড় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বাতাসে এরা কোনো দলকেই ছেড়ে কথা বলবে না। তবে কোরিয়ানরা ছোট ছোট পাসে দ্রুতগতিতে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভাঙতে ওস্তাদ। এই দলকে ঠেকাতে প্রখর পজিশন-জ্ঞান দরকার। গতিময় ফুটবলারদের সঙ্গে পায়ে-পায়ে দৌড়ানোরও ক্ষমতা প্রয়োজন। এই জায়গায় একটু ঘাটতি থাকছেই। কোরিয়ানদের গতির সঙ্গে তারা কতটা পেরে উঠবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে বাংলাদেশের দুই উইংব্যাক কিন্তু দলের প্রাণভোমরা। লেফট উইংব্যাক শামসুন্নাহারের ওভারল্যাপিং ক্ষমতা অসাধারণ। সময়মতো ট্র্যাকব্যাকেও সে সিদ্ধহস্ত। রাইট উইংব্যাক সানজীদাকে তো অনেকেই অন্যতম সেরা প্রতিভা বলেন। দলে সে অন্যতম কুশলী খেলোয়াড়।

আশাবাদের মধ্যমাঠ
দেখতে খর্বাকৃতির হলেও মারিয়া মান্ডাকে বলা হয় দলের মেরুদণ্ড। পাসের পর পাস খেলে আক্রমণ তৈরি করে সে। প্রতিপক্ষের খেলোয়াড়দের পা থেকে বল কেড়ে নিতেও পারে সে। তিন সেন্টারব্যাকের সামনে দুই হোল্ডিং মিডফিল্ডারের একজন হিসেবে খেলবে মারিয়া। অন্যজন আঁখি খাতুন। আঁখির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। দলের মধ্যে সবচেয়ে লম্বা ও শক্তিশালী। কিন্তু গতি একেবারেই নেই। এরিয়াল বলে বাংলাদেশকে ছায়া দিতে পারলেও দ্রুতগতির কোরিয়ানদের সামনে অসহায় হয়ে পড়লেই মুশকিল। তবে আশার কথা হলো, দুই উইঙ্গার কৃষ্ণা রানী সরকার ও জাহান মৌসুমী আক্রমণ গড়ার চেয়ে মাঝমাঠ জমাট রাখার দিকেই নজর দেবে বেশি। এই দুজন কিন্তু দলের অন্যতম দুই সেরা খেলোয়াড়ই।

প্রতিভাবান আক্রমণভাগ
আক্রমণভাগে সবার সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সিরাত জাহান স্বপ্না। সে-ই বাংলাদেশের ‘নাম্বার নাইন’। লেফট উইঙ্গার হিসেবে খেলবে কৃষ্ণা রাণী সরকার। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ভরসা স্বপ্না-কৃষ্ণা জুটিই। দুজনের মধ্যে বোঝাপড়াটাও ভালো। ক্ষণে ক্ষণে নাম্বার নাইন ও লেফট উইংয়ে জায়গা বদল করে থাকে তারা। গোলের ক্ষুধাও আছে। বাছাইপর্বে এক হ্যাটট্রিকসহ মোট আট গোল এসেছিল কৃষ্ণার পা থেকে। আর সাফে জাতীয় দলের হয়ে ৫ গোল ছিল স্বপ্নার। উত্তর কোরিয়ার বিপক্ষে এই দুই খেলোয়াড়ই সবচেয়ে বড় ভরসা দেবেন বাংলাদেশকে।