প্রতিপক্ষের জীবন বাঁচিয়ে ‘নায়ক’ এই কিশোর
রুদ খুলিত অনেকের চোখেই নায়ক। এদিকে খুলিতের নায়ক ১৭ বছর বয়সী মাত্তিয়া আগনেসে। কাল ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা পুরস্কারের মঞ্চে রাখঢাক না রেখেই কথাটা বললেন ডাচ কিংবদন্তি, ‘তুমি আমার নায়ক, আমাদের নায়ক।’
মাঠে ‘নায়ক’ হতে হলে পারফরম্যান্স লাগে। আগনেসে পারফরম্যান্স করেই নায়ক। কিন্তু সেটি বল পায়ে নয়, গোল করে কিংবা বানিয়ে দিয়ে এমনকি ঠেকিয়েও এমন তকমা পাননি আগনেসে। কিন্তু তাঁর মতো পারফরম্যান্স করার স্বপ্ন দেখবেন হয়তো মেসি–রোনালদোও!
মাঠে কারও জীবন বাঁচানোর পারফরম্যান্স যে শুধু ফুটবলার নয়, যেকোনো অঙ্গনের মানুষের কাছে আরাধ্য। আগনেসের হাতে তাই এবার ফেয়ার প্লে ট্রফি তুলে দিতে কার্পণ্য করেনি ফিফা।
মার্সেলো বিয়েলসা, ববি রবসনদের হাতে যে পুরস্কার শোভা পেয়েছে, তা ক্যারিয়ার শুরুর পথেই পেয়ে গেলেন এই তরুণ ইতালিয়ান।
টোগোর ফুটবলার ফ্রাঙ্কোইস কোনে প্রায় একইভাবে প্রতিপক্ষ খেলোয়াড়ের জীবন বাঁচিয়ে ২০১৭ সালে জিতেছিলেন ফেয়ার প্লে পুরস্কার। তার আগেও আরও তিনবার মাঠে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে খেলোয়াড়ের জীবন বাঁচানোয় অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি।
সে যা–ই হোক, আগনেসের আগে ইতালিয়ান হিসেবে সর্বশেষ ফেয়ার প্লে ট্রফিজয়ী পাওলো ডি ক্যানিও। ২০০০ সালে এক ম্যাচে প্রতিপক্ষ দলের গোলরক্ষক চোট পেয়ে মাঠে পড়ে যাওয়ার পর হাত দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা থামিয়েছিলেন সাবেক এ ফরোয়ার্ড।
আগনেসের বীরত্বের গল্প বলা যাক। ২০০৩ সালে জন্ম নেওয়া আগনেস ইতালির উত্তর–পশ্চিমাঞ্চলের শহর লিগুরিয়ানের অপেশাদার ক্লাব অসপেদালেত্তির ডিফেন্ডার।
গত জানুয়ারিতে কাইরেসের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের জীবন বাঁচানোয় অগ্রণী ভূমিকা রাখেন তিনি। এক সংঘর্ষের পর মাঠে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন সেই ফুটবলার। আগনেসের কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোর্স করা ছিল না।
সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ছুটে গিয়ে সেই খেলোয়াড়ের বুকে বারবার চাপ প্রয়োগ করে হৃৎপিণ্ড সচল রাখার চেষ্টা করেন। মাঠে পরবর্তী চিকিৎসা না আসা পর্যন্ত সেই খেলোয়াড়কে বাঁচিয়ে রেখেছিলেন আগনেস।
পরে চিকিৎসা নিয়ে জীবন বেঁচে যায় সেই ফুটবলারের।
তাৎক্ষণিক সেই দায়িত্ববোধ আগনেসকে মনোনয়োন এনে দেয় ফিফা ফেয়ার প্লে পুরস্কারের।
কাল রাতে এই ট্রফি জয়ের কিছুদিন আগেও আগনেস বলেছেন, ‘তখনকার পরিস্থিতির গুরুত্ব আমি বুঝতে পেরেছিলাম। তার জীবন বাঁচানোর গুরুত্বটা পুরস্কারের চেয়েও বেশি।’
পুরস্কার জয়ের পর আগনেস বলেন, ‘নিজেকে নায়ক মনে হয়নি। যেটা দায়িত্ব বলে মনে হয়েছে সেটাই করেছি। তবে এই পুরস্কার জয় ভীষণ আবেগের। আমার পরিবার ও আসপেদালেত্তিকে ধন্যবাদ।’
মাত্তিয়া আগনেসে ইন্টার মিলানের সমর্থক। একদিন ইতালি জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেন। যাঁর জীবন বাঁচিয়েছেন তাঁর সঙ্গে পরে বন্ধুত্বও জমেছে আগনেসের।
সচেতনতার অংশ হিসেবেই ইউটিউবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ভিডিও দেখে কায়দাকানুন রপ্ত করেছিলেন তিনি। আর তাঁর ইচ্ছাটুকু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বাঁচিয়েছে আরেক ফুটবলারের জীবন। আগনেস তো গোটা ফুটবল বিশ্বেরই নায়ক!