প্রতিবাদী মুন্তারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক না খলনায়ক—সুলে মুন্তারিকে কী বলবেন? রেফারি হলুদ কার্ড দেখানোয় প্রতিবাদে মাঠ ছেড়ে যান পেসকারার ঘানাইয়ান মিডফিল্ডার। আপাতদৃষ্টিতে ঘটনাটা তাঁকে খলনায়ক হিসেবে দেখালেও ভেতরের গল্প ভিন্ন। গত রোববার সিরি ‘আ’তে খেলার সময় তাঁকে উদ্দেশ করে গ্যালারি থেকে বর্ণবাদী গালি দিচ্ছিল ক্যালিয়ারির পুঁচকে এক দর্শক। বাবা-মার সঙ্গে খেলা দেখতে এসে তাঁদের সামনেই এমন আচরণ! কাছাকাছি গিয়ে ছেলেটার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন মুন্তারি। অমনি দেখলেন হলুদ কার্ড। রেফারির আচরণে মনঃক্ষুণ্ন মুন্তারি মাঠই ছেড়ে যান। তিনি আসলে ছেলেটাকে বলতে চেয়েছিলেন, ‘তুমি যা করছ, এটা ঠিক নয়।’ গায়ের জার্সিটাও ছেলেটিকে খুলে দিতে চেয়েছিলেন। কিন্তু রেফারি তাঁর মনের কথা বুঝলে তো! খেলোয়াড়দের সংগঠন ফিফ-প্রো অবশ্য মুন্তারির পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছে রেফারির। ফক্স স্পোর্টস।