প্রতিবাদে ঐক্যবদ্ধ ফুটবল
অনেকের বুকের গভীরে এখনো স্বজন হারানোর ব্যথা। প্রিয় প্যারিস এখনো অনেকের কাছে আতঙ্কের নগরী। স্বজন হারানোর ধাক্কা সামলে উঠতে অবশ্যই সময় লাগবে। তবে সেই ব্যথা বুকে নিয়েই আজ আবার মাঠে নামছে ফ্রান্স। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। উদ্দেশ্য একটাই—সবাইকে বুঝিয়ে দেওয়া, সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ফুটবল বিশ্ব এককাট্টাই থাকছে।
প্যারিসের ফ্রান্স স্টেডিয়ামেই গত শুক্রবার ফ্রান্স ও জার্মানির মধ্যে প্রীতি ম্যাচ চলার সময় বাইরে হামলা চালায় সন্ত্রাসীরা। বোমা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল মাঠ থেকেও। সেদিন প্যারিসের কয়েকটি জায়গায় বন্দুকধারীদের গুলি ও বোমায় প্রাণ দিয়েছেন শতাধিক মানুষ। ম্যাচ শেষে হোটেলে ফিরতে পারেনি জার্মান দল, আতঙ্কের মধ্যেই সারা রাত কাটিয়েছে ড্রেসিংরুমে! দুঃসহ সেই অভিজ্ঞতার মাত্র তিন দিন পর আজ মাঠে নামছে জার্মানিও। হ্যানোভারে আজ প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হল্যান্ড। এ ম্যাচেরও মূলমন্ত্র সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ।
শোকে মুহ্যমান ফ্রান্স দল এ ম্যাচে পাশে পাচ্ছে প্রতিপক্ষ ইংল্যান্ডকেও। রাজনীতি আর ফুটবলের বৈরিতা ভুলে গিয়ে এরই মধ্যে ইংলিশ সমর্থকেরা প্রচারণায় নেমেছে ওয়েম্বলিতে সবাই মিলে ফ্রান্সের জাতীয় সংগীত গাওয়ার। বন্ধু হয়ে পাশে থাকছেন ইংল্যান্ড কোচ রয় হজসনও, ‘ম্যাচটা খুব কঠিন সময়ে হচ্ছে। কিন্তু এর মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এই নৃশংসতার বিরুদ্ধে ফুটবল-বিশ্ব ঐক্যবদ্ধ।’
জার্মান দলকে উৎসাহ ও সাহস দিতে হ্যানোভারে আজ সপারিষদ মাঠে থাকার কথা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের। সে জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থাও। তবে এই ম্যাচে জার্মান দলে থাকছেন না অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টেইগার, শুক্রবারের সেই ভয়াল রাতের মানসিক ধাক্কা তিনি কাটিয়ে উঠতে পারেননি। থাকছেন না প্যারিসের দলে থাকা আরও ৫ জন। তবে না থাকলেও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সরব শোয়েনস্টেইগার। নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমরা যে যেখানেই থাকি বা যে ধর্মেরই হই না কেন, এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধই আছি।’ এএফপি।