প্রতিভাবান ফুটবলারদের আচরণ নিয়ে শঙ্কা অনূর্ধ্ব-১৮ ফুটবলে

>গত বছর আগস্টে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে আর সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে দুদান্ত খেলেছিল বাংলাদেশ। মূলত সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফাহিম ও মিরাজ। কিন্তু আট মাসের ব্যবধানে সেই উদীয়মানেরা হতাশার প্রতিচ্ছবি
এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে কাতারের বিপক্ষে কী অসাধারণ গোলটাই না করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তার আগের মাসেই অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৭ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতাও সে। একই দলে ফাহিমের সঙ্গে পাওয়া গিয়েছিল আরও এক প্রতিভাবান স্ট্রাইকার মিরাজ মোল্লাকে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তারা যেন হতাশার প্রতিচ্ছবি ।
অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে ফাহিম খেলছে সাইফ স্পোর্টিংয়ের হয়ে আর মিরাজ মোহামেডানের জার্সিতে। দুই দলই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেটা হতেই পারে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, সাইফ কিংবা মোহামেডান যুব দলের জার্সিতে ফাহিম, মিরাজ দুজনেরই পারফরম্যান্স খুব খারাপ। আরও বাজে ব্যাপার ঘটেছে ফাহিমের ক্ষেত্রে, গতকাল আরামবাগের বিপক্ষে মাঠে মারামারি করে লালকার্ড দেখতে হয়েছে তাকে।
অনূর্ধ্ব-১৫ ও ১৬-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখে ফাহিমকে অনূর্ধ্ব-১৯ দলে সরাসরি সুযোগ দিয়েছিলেন মাহবুব হোসেন রক্সি। জাতীয় দলের সাবেক এই ফুটবলার এখন বয়সভিত্তিক দলের কোচ, জাতীয় দলেরও সহকারী কোচ তিনি। ফাহিমের গতকালকের কাণ্ডটা মানতেই পারছেন না রক্সি, ‘ফাহিমকে নিয়ে আমাদের অনেক আশা। কিন্তু সে তো আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট দেখে মনে হলো, সে খেলা ভুলে গেছে। পারফরম্যান্সে উত্থান-পতন হতেই পারে। কিন্তু তার তো আচার-আচরণে সমস্যা। মারামারিটা খুব দৃষ্টিকটু লেগেছে। এটা খেলা শেখার বয়স। এই বয়সে যদি মারামারি করার প্রবণতা এসে যায়, তাহলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তো হবেই।’
মিরাজকে নিয়েও রক্সির হতাশা আছে। তবে তাঁর দৃষ্টিতে মিরাজ ফাহিমের চেয়ে ভালো খেলেছে। কিন্তু মিরাজ যেমন, তেমনটি অবশ্যই নয়, ‘মিরাজ মোটামুটি খেলেছে। কিন্তু প্রত্যাশামতো নয়।’
ফাহিম নিজে অবশ্য অনুতপ্ত এ ঘটনায়। ফুটবলে গা জোয়ারি ব্যাপার থাকতেই পারে, কিন্তু মারামারি করাটা যে ঠিক হয়নি, সেটা খুব ভালো করেই বুঝেছে সে, ‘আসলে আরামবাগের খেলোয়াড়েরা আমাকে মারছিল। পরে মাথা গরম হয়ে যাওয়াতে আমিও মারতে যাই। কিন্তু রেফারি কেবল আমার মারটাই দেখলেন! এটা অবশ্য ঠিক যে মারামারি করা একেবারেই উচিত হয়নি। ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আমি এ ব্যাপারে সচেতন থাকব।’
ফাহিমরা বয়সে এখনো কাঁচা। তাদের খেলার ভুলগুলোর সঙ্গে আচার–আচরণ শেখাতে না পারলে নামের পাশে ‘উদীয়মান’ শব্দটা হারিয়ে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু শেখানোর দায়িত্বটা কে নেবে?