প্রতিভার সংকটে ইতালি!

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, দুবারের রানার্সআপ। বিশ্ব ফুটবলকে ইতালি যা দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে খুব কম দলই। অথচ এই ইতালিই কিনা এখন প্রতিভার সংকটে ভুগছে! অন্য কেউ নয়, খোদ আজ্জুরিদের নতুন কোচ আন্তোনিও কন্তেই স্বীকার করেছেন এটা।
২০০৬ বিশ্বকাপের পর যেন উলটো রথে চলতে শুরু করেছে ইতালি। ২০১০ বিশ্বকাপে বাদ পড়ে গিয়েছিল প্রথম রাউন্ড থেকে। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি। সিজারে প্রানদেল্লি দায়িত্ব নেওয়ার পর মনে হচ্ছিল সুদিন ফিরে আসবে। গত ইউরোতে দলকে ফাইনালে নিয়ে সেই আভাসই দিয়েছিলেন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপেও সেই ব্যর্থতারই পুনরাবৃত্তি, আবারও প্রথম রাউন্ডেই শেষ ইতালির বিশ্বকাপ অভিযান।
প্রানদেল্লি বিদায় নিলেন, আসলেন আন্তোনিও কন্তে। দায়িত্ব নিয়েছেন গত সপ্তাহেই। কালই ছিল কন্তের প্রথম সংবাদ সম্মেলন। জুভেন্টাসের হয়ে তাঁর গত তিন মৌসুম সাফল্যে মোড়াই ছিল। ইতালির হয়ে কি সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারবেন? আশার পাল উড়িয়েও কন্তে সাবধানেই বৈঠা বাইলেন, ‘আমি জয়ের জন্য বাঁচি। জয়ই পেতে চাই। অন্য জাতীয় দলগুলোর প্রতিভা আমাদের চাইতে বেশি। কিন্তু দল হিসেবে খেলে আমরা সেই ব্যবধান ঘোচাতে চাই। আমি সাগ্রহে চ্যালেঞ্জটা নিচ্ছি।’ স্মরণ করলেন পূর্বসূরিদেরও, ‘আমি সিজারে প্রানদেল্লিকে সম্মান জানাচ্ছি, চার বছর কোচ থাকার সময় দারুণ করেছেন। ইতালির তরুণদের নিয়ে কাজ করার জন্য আমি আরিগো সাচ্চিকেও ধন্যবাদ জানাচ্ছি।’
জানিয়েছেন জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর ইতালির বাইরে যাওয়ার জন্যই প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় ইতালি ফেডারেশনের প্রস্তাব পেলেন। কন্তে সেটি লুফেই নিয়েছেন, ‘আমি কখনোই ভাবিনি ৩৫ দিনের মধ্যে আবার খেলায় ফিরে যাব। আমি যে আবেগাপ্লুত, সেটা অস্বীকার করছি না। এই চাকরিটা কে না চায়!’ গোলডটকম।