প্রতিশোধ নিতে গুনে গুনে চার গোল!
>ডিয়েগো ম্যারাডোনার জন্য কোনো ভূমিকা লাগে না! শুক্রবার ছিল এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। এ নিয়ে বিশেষ ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ—

ডিয়েগো ম্যারাডোনাকে খেপিয়েই দিলেন বোকা জুনিয়র্সের গোলরক্ষক হুগো গাত্তি।
১৯৮০ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম বিভাগে সান লরেঞ্জোর বিপক্ষে নিজের শততম গোল করলেন ম্যারাডোনা। বয়স তখন ১৯। চারদিকে শুরু হয়েছে তুমুল হইচই। এ সময়ে গাত্তি করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য।
আর্জেন্টিনার তখনকার জনপ্রিয় পত্রিকা লা রাজোনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোকার গোলরক্ষক বললেন, ‘ম্যারডোনার ভালো খেলোয়াড় ঠিক আছে। তবে তাকে নিয়ে বেশি মাতামাতি করছে সংবাদমাধ্যম...সে এমনিতে মোটা। সামনে আরও মোটা হবে।’
এটি প্রকাশ হলো শনিবার। ঠিক একদিন পর রোববার ছিল বোকার সঙ্গে আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচে। এ ম্যাচে বোকাকে হারালেই প্রথম বিভাগের কোয়ার্টার ফাইনালে পা রাখবে আর্জেন্টিনোস। গাত্তির এমন মন্তব্যে ম্যারাডোনা বেশ অবাকই হলেন। তাঁর ধারণা ছিল, গাত্তির সঙ্গে সম্পর্কটা যথেষ্ট ভালো। এর আগে আর্জেন্টিনোস-বোকার ম্যাচে গাত্তির সঙ্গে ছবি তুলেছিলেন ম্যারাডোনা। সবই ঠিক ছিল। কোনো সমস্যা ছিল না। তবে হঠাৎ কেন এমন মন্তব্য? ভেতরে-ভেতরে বেজায় চটলেন ম্যারাডোনা। বন্ধু হোর্হে সাইতার্সপাইলার ভালোই জানতেন, ম্যারাডোনা খেপলেই সেরাটা বেরিয়ে আসে। এ কারণেই কিনা ম্যাচের দিন খোঁচাতে থাকলেন, ‘আজ তুমি ওর বিপক্ষে দুই গোল করবে। তবেই এর নিষ্পত্তি।’
ম্যারাডোনা একমত হতে পারলেন না, ‘না হোর্হে, দুটি নয়, ওকে গোল দেব চারটা!’
অবশ্য ম্যাচের আগে ম্যারাডোনার সঙ্গে দেখা করতে এলেন গাত্তি। বললেন, ‘কাগজে যা লেখা হয়েছে সেটা বলিনি। তুমি ফেনোমেনোন।’ তবে তাতেও ‘মন গলেনি’ ম্যারাডোনার! হোর্হের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, মাঠে সেটাই করে ছাড়লেন। রীতিমতো কাঁদিয়ে ছাড়লেন গাত্তিকে। মুগ্ধতা জাগানিয়া ফুটবলে গুনে গুনে দিলেন চার গোল! ম্যারাডোনার ভাষায়, ‘গাত্তিকে সম্ভাব্য সেরা জবাবটাই দিয়েছিলাম।’
সেদিন ঘটেছিল আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ম্যারাডোনা ছিল প্রতিপক্ষ দলের খেলোয়াড়। অথচ গ্যালারি থেকে বোকার দর্শকদের অবিরত চিৎকার—‘মারাদো, মারাদো!’ লড়াই ছাপিয়ে সমর্থকেরা সেদিন ভালোবেসেছিলেন সুন্দর ফুটবলকেই। বোকা ছিল ম্যারাডোনার স্বপ্নের ক্লাব। সে ক্লাবের সমর্থকদের এমন ভালোবাসায় ভীষণ আপ্লুত আর্জেন্টিনা কিংবদন্তি। এর পরের বছরই নাটকীয়ভাবে বোকায় যোগ দিয়েছিলেন ম্যারাডোনা।