প্রতিশোধ আর ফেরার দিন

‘প্রতিশোধ’, ‘বদলা’—খেলাধুলায় এসব কথা প্রায়ই ঘুরেফিরে আসে। পেশাদার দলগুলো অবশ্য এসব খুব বড় করে দেখে না। আজ যেমন দুই ম্যানচেস্টার ক্লাবও মুখ ফুটে এমন কিছু বলছে না। কিন্তু আদতে দুই প্রতিবেশীর জন্য চ্যাম্পিয়নস লিগের আজকের দিনটি কিছু একটা ফিরিয়ে দেওয়ার উপলক্ষই। জুভেন্টাসের সঙ্গে ম্যানচেস্টার সিটির যেমন, পিএসভি আইন্দহোফেনের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডেরও তেমনি।
সিটির কাজটাই একটু বেশি কঠিন। প্রতিপক্ষ শুধু গতবারের ফাইনালিস্ট বলে নয়, খেলাটা তুরিনে হচ্ছে বলেও। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তো বটেই। সিরি ‘আ’তে হোঁচট খেতে খেতে জুভেন্টাস এখন জোরেশোরে দৌড় শুরু করেছে, প্রথমবারের মতো জিতেছে টানা তিনটি ম্যাচ। অন্যদিকে লিভারপুলের কাছে ৪-১ গোলে হারের ক্ষতটা সিটির এখনো টাটকাই। গ্রুপপর্বে দুই দলের আগের দেখায় সিটির মাঠে গিয়েই তাদের হারিয়ে এসেছিল জুভেন্টাস। আগুয়েরোদের তাই কিছু হিসাব চুকোনোর আছে।
একদিক দিয়ে অবশ্য নির্ভার হয়েই নামতে পারবে সিটি। নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে আগেই, আজ জয় না পেলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। তবে আগুয়েরো মনে করিয়ে দিচ্ছেন, সিটি চ্যাম্পিয়নস লিগে এবার বড় কিছু করার জন্য মরিয়া। জুভেন্টাস ডিফেন্ডার জর্জো কিয়েলিনি তাই সতর্কই করে দিলেন সতীর্থদের, ‘ওরা আরেকটু বেশি নির্ভার হয়ে এলেই ভালো হতো। আমি আশা করছি, তারা খুবই সতর্ক থাকবে। প্রতিশোধ নেওয়ার জন্যও নিজেদের সবটুকু ঢেলে দেবে। শেষ ষোলোর টিকিট কাটতে হলে আমাদের দারুণ খেলতে হবে।’ আজ জয় পেলে জুভেন্টাসও চলে যাবে নকআউট পর্বে। ড্র করলেও অন্য ম্যাচে সেভিয়া জিততে না
পারলে উদ্যাপনের সুযোগ পেয়ে যাবে তুরিনের বুড়িরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের অবশ্য অত নির্ভার হওয়ার সুযোগ নেই। নকআউট পর্ব এখনো নিশ্চিত হয়নি, আজ জিতলেই অবশ্য সেটি হয়ে যাবে। পিএসভির মাঠে গিয়েই আগের দেখায় হেরে এসেছিল ইউনাইটেড। লুই ফন গাল এক ঢিলে দুই পাখি মারার সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। ফন গাল অবশ্য কাজটাকে সহজ মনে করছেন না, ‘জয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু জিতবই সেটা আপনি বলতে পারেন না। পিএসভি ভলফসবুর্গকে হারিয়েছে, আমার মনে হয় ওরা খুব ভালো একটা দল।’
রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজের এসব চিন্তা-টিন্তা নেই। দল আগেই উঠে গেছে নকআউট পর্বে, শাখতারের সঙ্গে আজকের ম্যাচটা হেরে গেলেও তেমন কিছু যায়-আসবে না। তবে এল ক্লাসিকোর দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে তো আজ জয়টা খুব করেই দরকার রিয়াল মাদ্রিদের। আপাতত বার্নাব্যুতে টিকে যাওয়া বেনিতেজের জন্য তো বটেই।
ও হ্যাঁ, এত কিছুর ফাঁকে মালমো-পিএসজি ম্যাচে একটু চোখ রাখতে পারেন। ইব্রাহিমোভিচ অবশেষে ঘরে ফিরছেন-সুইডিশ ক্লাবটি ঘরের ছেলেকে বরণ করে নিতে উন্মুখ হয়ে আছে। পেশাদার ক্যারিয়ারের শুরুটা এই মালমোতেই ছিল, আজ ১৪ বছর পর ফিরছেন সেখানে। ফেরা উপলক্ষে ইব্রা এর মধ্যেই শহরের সবাইকে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। ম্যাচের টিকিট কালোবাজারিতে বিকোচ্ছে এমনকি দুই হাজার ইউরোতেও! এএফপি, রয়টার্স।