প্রতিশোধের কথা ভাবছেন না জিদান

কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? এই মৌসুমে বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি হয়তো এখনো তাড়া করছে রিয়াল মাদ্রিদকে। আজ তা কিছুটা ভুলে যাওয়ার সুযোগ। ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারাতে পারলে একরকম প্রতিশোধও নেওয়া যাবে।
কাল সংবাদ সম্মেলনে জিনেদিন জিদানকে কথাটা বারবার মনে করিয়ে দেওয়া হলো। রিয়াল কোচ অবশ্য মনে যাই থাক, ‘বদলার’ ব্যাপারটা বললেন না, ‘প্রতিশোধ? না না, এ রকম কিছু নয়। আমরা শুধু এই ম্যাচটা জিততে চাই। আমরা ভালো ফর্মে আছি, ভালোও খেলছি। আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করছি। গত কিছুদিনে দল যেমন খেলেছে, আমরা আজও সেরকম খেলতে চাই।’
নিজে অবশ্য রিয়ালের হয়ে অনেক এল ক্লাসিকো খেলেছেন। কিন্তু কোচ হিসেবে আজ রাতেই প্রথম। একটু বেশি চাপ থাকছে না জিদানের ওপর? রিয়ালের ফরাসি কোচ সেটি অবশ্য মানলেন না, ‘প্রতিদিন যেভাবে ঘুমাই, আজও (গতকাল) আমি সেভাবে ঘুমাব। আমি কালকের ম্যাচটা কোচ হিসেবেই উপভোগের চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে, এটা একটা ম্যাচই। বার্সার দারুণ একটা দলের সঙ্গে নিজেদের প্রমাণ করার এটা একটা সুযোগ।’ বরং এল ক্লাসিকোর রোমাঞ্চটাই বেশি ছুঁয়ে যাচ্ছে জিদানকে, ‘এল ক্লাসিকো ফুটবলের সবচেয়ে সুন্দরতম খেলা। কোচ হিসেবে সেটির অভিজ্ঞতা হবে আমার, আমি তাই খুবই খুশি।’
২০০৭ সালের পর রিয়ালের কোনো কোচ অভিষেক এল ক্লাসিকোতে জিততে পারেননি। তবে জিদানও মনে করিয়ে দিতে পারেন, ২০০১ সালে খেলোয়াড় হিসেবে প্রথম এল ক্লাসিকোতেই ২-০ গোলের জয় পেয়েছিলেন। আজ কোন ইতিহাসটা ফিরে আসবে?