প্রতিশোধের সুযোগ মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ অক্টোবর দিনটাকে সহজে ভোলার কথা নয় হোসে মরিনহোর। যে ক্লাবকে ভালোবেসে আবারও ফিরে এসেছিলেন ইংল্যান্ডে, সেই চেলসির সমর্থকেরাই মন ভেঙে দিয়েছিল তাঁর। মরিনহোকে শুনিয়ে শুনিয়ে স্টামফোর্ড ব্রিজ গাইল, ‘তুমি আর স্পেশাল নও!’ এক যুগ আগে চেলসির দায়িত্ব নিয়ে নিজেকে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণা করা মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও সেদিন ৪-০ গোলে উড়ে গিয়েছিল। সে দুঃখ ভোলার সুযোগ পাচ্ছেন মরিনহো। পরশু ব্ল্যাকবার্নকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইউনাইটেড। শেষ আটে চেলসিকেই পেয়েছে মরিনহোর দল, ম্যাচটাও হবে চেলসির মাঠে। ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডও ইঙ্গিত দিয়ে রাখলেন প্রতিশোধের, ‘হ্যাঁ, অবশ্যই। ওদের কাছে পাওনা আছে আমাদের!’ ১১ মার্চ রাতটাই বলে দেবে মরিনহোর পাওনা মেটানো হবে কি না। সূত্র: এএফপি।