প্রতিশ্রুতি রাখার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যয়দীপ্ত একগুচ্ছ মুখ। শ্রীলঙ্কাকে হারাতেই হবে! শেখ জামাল ধানমন্ডি মাঠে কালকের অনুশীলরত এই মুখগুলোর প্রত্যয় আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাসি হয়ে ফুটবে তো? l শামসুল হক
প্রত্যয়দীপ্ত একগুচ্ছ মুখ। শ্রীলঙ্কাকে হারাতেই হবে! শেখ জামাল ধানমন্ডি মাঠে কালকের অনুশীলরত এই মুখগুলোর প্রত্যয় আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাসি হয়ে ফুটবে তো? l শামসুল হক

 ‘সেমিফাইনালে উঠবই। এটা আমাদের অঙ্গীকার’—এই প্রতিশ্রুতি দিয়ে ফুটবলাররা বলেছিলেন, শেষ চারে উঠে তবেই বাফুফে সভাপতির সঙ্গে দেখা করবেন।
 ‘ঘরের মাঠে সেমিফাইনালে খেলা আমাদের দায়িত্ব। সেটি না পারলে আর যে যা-ই করুক, আমি জাতীয় দলই ছেড়ে দেব।’ ঘোষণাটা অধিনায়ক মামুনুল ইসলামের।
 ‘দলের জন্য এত কিছু করার পরও সেমিফাইনাল খেলতে না পারলে বলার কিছু থাকবে না। সবই শেষ হয়ে যাবে।’ বক্তার নাম কাজী সালাউদ্দিন।
বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে উঠে ফুটবলারদের প্রতিশ্রুতি রাখা ও সবার মুখে হাসি ফোটানোই আজকের দিনের প্রত্যাশা। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা এমন কোনো ‘বাঘ’ নয়। বাংলাদেশের জেতাই উচিত। যদিও মাস তিনেক আগে দেশের মাটিতেই দুটি প্রীতি ম্যাচের একটিতে এই শ্রীলঙ্কাকে হারানো যায়নি (ড্র)।
ড্র হলেও আজ চলবে। শ্রীলঙ্কার সঙ্গে তখন সমান ১ পয়েন্ট হলেও গোলগড়ে বাংলাদেশই উঠবে শেষ চারে। ‘ড্র হলেও চলবে’ জাতীয় ম্যাচ বিরাট ঝুঁকিরও। অনেক সময় উল্টো হেরে যায় দল। হারলে ১৫ বছর পর ঘটা করে আয়োজিত বঙ্গবন্ধু কাপের গ্রুপ পর্বেই মাথা নিচু করে বিদায় নিতে হবে। সেই অজানা শঙ্কাও চোখ রাঙাচ্ছে বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে।
মালয়েশিয়া যুব দলের সঙ্গে সিলেটে প্রথম ম্যাচের পর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দল। ঘুরে দাঁড়িয়ে জবাব দিতে আজকের চেয়ে উপযুক্ত দিন আর হয় না। নিজেদের সামর্থ্য বোঝানো, খেলার প্রতি নিবেদন, ম্নায়ু ধরে রাখা—এসব অদৃশ্য চ্যালেঞ্জে ভালো নম্বর পেতে শ্রীলঙ্কা ম্যাচ বড় একটি সুযোগও বটে।
শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে এসেছে প্রস্তুতিহীন অবস্থায়। তিন মাস আগের যশোর ও রাজশাহীতে খেলা শ্রীলঙ্কার সঙ্গে এই দলটার পার্থক্য অনেক। সেই দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই এবার। উপরন্তু প্রথম ম্যাচে মালয়েশিয়া যুব দলের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়েছেন পাঁচজন। নড়বড়ে, ক্ষয়িষ্ণু দল নিয়ে শ্রীলঙ্কা তাই প্রত্যাশার বেলুন ফোলাতে রাজি নয়। চাপহীন থাকাই দলটির বড় শক্তি, বাংলাদেশের জন্য যা বিপদের ঘণ্টা বাজাতেই পারে।
সুতরাং সাবধান থাকাটা অবশ্যপালনীয় দায়িত্ব। অধিনায়ক মামুনুল বাফুফে ভবনে কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য জয়ের ছবিই আঁকলেন, ‘মালয়েশিয়ার ম্যাচের প্রথম ২০-২৫ মিনিট বাদে বাকি সময় ভালো খেলেছি। কিন্তু ভালো খেলে হারতে চাই না। যেভাবেই হোক জয়ই শ্রীলঙ্কার সঙ্গে একমাত্র চাওয়া।’
ভালো কথা, কিন্তু জয় পেতে গোল করবে কে? গত পাঁচ ম্যাচে বাংলাদেশ দল গোল করেছে মাত্র তিনটি (একটি পেনাল্টিতে)। স্ট্রাইকার সমস্যায় হাঁসফাঁস অবস্থা। মালয়েশিয়া ম্যাচে কয়েকটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন এমিলি। তাঁকে এবার কিছু করে দেখাতেই হবে।
এতসব প্রত্যাশার চাপে না আবার ভেঙে পড়ার পুরোনো গল্পই ফিরে আসে! অধিনায়ক এটা শুনে বেশ রেগে গেলেন, ‘বাংলাদেশ দলে খেলাই তো অনেকে চাপের ব্যাপার। জিতলে খেলোয়াড়দের জন্য সব হালাল, হারলে সব হারাম! হারামকে হালাল করতে চাই এবার।’ এমন ‘হালাল’, ‘হারাম’ শব্দগুলো মামুনুল উগরে দিলেন আসলে দলের পারফরম্যান্স, মানসিক শক্তির অভাব ইত্যাদি নিয়ে সমালোচনায় বিরক্ত হয়ে!
কোচ লোডভিক ডি ক্রুইফ বেশ কৌশলী। একাদশে পরিবর্তনের আভাস দিয়েও ‘বলব কেন’ ভাব দেখালেন। পরে বললেন, ‘খেলোয়াড়দের উজ্জীবিত করছি, সবাইকে মাঠে শতভাগ দিতে হবে। ড্র নয়, জয়ের জন্যই ঝাঁপাব আমরা।’
শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ নিকোলা জাবাকোভিচের শরীরী ভাষা বেশ নতজানু, ‘ছেলেরা গত দুই মাস ঘরোয়া লিগে খেলে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। ভালো খেলার মতো অবস্থায় আমরা আসলে নেই।’ হারলে যেহেতু টুর্নামেন্ট থেকে বিদায়, তাই জয়ের চেষ্টাও করবে শ্রীলঙ্কা।
পরিসংখ্যান বলে, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ৮টি ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার জয় তিন, ড্র দুই। পরিস্থিতির দাবি মিটিয়ে আজকের দিনটি বাংলাদেশেরই হোক। নইলে আরও হতাশা গ্রাস করবে। একই সঙ্গে মামুনুলের মতো ফুটবলারকে কে হারাতে চায়!