প্রতীক্ষা ফুরোবে কলম্বিয়ার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু গ্রুপ পর্বে দুই দলের শেষ ম্যাচ বিবেচনায় নিলে পেরু এই ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট। ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা পেরুর আত্মবিশ্বাসে এখন বর্ষার বান। সেখানে কলম্বিয়ার চলছে গ্রীষ্মের গুমোট ভাব। কোস্টারিকার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটায় হেরে গেছেন হামেস রদ্রিগেজরা। ফর্ম আর আত্মবিশ্বাসের এই বিপরীতমুখী অবস্থানে থেকেই আগামীকাল শতবার্ষিকী কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।

.
.

লাতিন শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়ও দুই দলের মধ্যে মেরু ব্যবধান। ২০০৪ সালের পর কখনোই কোপার সেরা চারে উঠতে পারেনি কলম্বিয়া। এক যুগের অপেক্ষাটা এবার শেষ করতে চাইছে হোসে পেকারম্যানের দল। অন্যদিকে পেরু শুনছে একটি ‘হ্যাটট্রিকে’র ডাক। সর্বশেষ দুই কোপা আমেরিকারতেই তৃতীয় হয়েছে পেরুভিয়ানরা।
পেরু মিডফিল্ডার রেনাতো টাপিয়াকে আত্মবিশ্বাসী করে তুলেছে ব্রাজিলের বিপক্ষে হ্যান্ডবল বিতর্কে পাওয়া জয়টাই, ‘আমরা শক্তিশালী, ঐক্যবদ্ধও। ব্রাজিলের বিপক্ষে জয়টা নিঃসন্দেহে সাহায্য করবে। তবে সেই পাতাটা এখন ওলটাতে হবে।’ সতীর্থদের সতর্ক থাকতে বলছেন কলম্বিয়ার শক্তি সম্পর্কেও, ‘জয় সব সময়ই সুন্দর, প্রতি পদক্ষেপে প্রেরণাও জোগায়। কিন্তু আমাদের এখন কলম্বিয়ার দিকে সব মনোযোগ দিতে হবে। ওরা অনেক শক্ত দল। এর আগেও ওদের বিপক্ষে খেলেছি, ওরা কী করতে পারে সেটা আমরা জানি।’
সতর্ক চোখ রাখতে হবে হামেস রদ্রিগেজের ওপর। কুয়াদ্রাদো-বাক্কারা আছেন ঠিকই, তবে এই কলম্বিয়ার জিয়নকাঠি তো রদ্রিগেজই। প্রথম দুই ম্যাচে দলকে জিতিয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। গোল করেছেন, করিয়েছেন। প্রথম দুই ম্যাচের রদ্রিগেজকে কালও বেশি করে দরকার কলম্বিয়ার। গোলডটকম।
তবে নকআউট পর্বের এই ম্যাচে খেলোয়াড়ি দক্ষতার চেয়েও মানসিক স্থৈর্যকেই সম্বল মানছেন কলম্বিয়া উইঙ্গার কার্লোস সানচেজ, ‘যে দল মানসিকভাবে বেশি প্রস্তুত হয়ে নামবে, তারাই ব্যবধান গড়ে দেবে। এখনকার যুগে বাকি সব দিকে সব দল প্রায় সমান, ছোট ব্যাপারগুলোই এখানে ব্যবধান গড়ে দেয়।’
দেখা যাক, সেটি কার পক্ষে যায়।