প্রতীক্ষিত ঘরোয়া ফুটবল শুরু আজ
বাফুফের অ্যাস্ট্রো টার্ফে অনুশীলনে ব্যস্ত মোহামেডানের ফুটবলাররা। স্বাধীনতা কাপ সামনে রেখে কাল বিকেলে চলছিল সাদা-কালোদের অনুশীলন। অন্য দলগুলোও নিজেদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। কিন্তু যে টুর্নামেন্টের জন্য এত প্রস্তুতি সেটি নিয়ে শেষ মুহূর্তেও চলছে নাটক। যার কেন্দ্রীয় চরিত্রে বাফুফে ও শেখ জামাল ক্লাব।
‘এ’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রেখে সূচি করার সিদ্ধান্ত কয়েক দিন আগেই নিয়েছিল বাফুফে। কিন্তু এবার মৌসুম সূচক প্রথম টুর্নামেন্টে শেখ জামাল আদৌ খেলবে কি না, সেই নিশ্চয়তা নেই। গতকাল অবশ্য খেলার আগ্রহ জানিয়ে লিখিত আবেদন করেছে তারা ফেডারেশনের কাছে। তবে ফেডারেশনকে শর্ত দিয়েছে, নিজেদের দাবি করা আট ফুটবলারকে ফেরত দিতে হবে। কাল সংবাদ সম্মেলন করে ক্লাবটির সভাপতি মনজুর কাদের একই দাবি আবারও তুলেছেন।
সেই পরিপ্রেক্ষিতে আজ লিগ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আপাতত শেখ জামালকে ছাড়াই স্বাধীনতা কাপের আংশিক সূচি করা হয়েছে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় প্রথম ম্যাচে বিজেএমসি-রহমতগঞ্জ ম্যাচ। সন্ধ্যা সাতটায় ব্রাদার্সের সামনে উত্তর বারিধারা। প্রায় সাত মাস পর এই টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে বিলম্বিত ঘরোয়া ফুটবল মৌসুম। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ভরাডুবির পর সবাই বলছেন, ঘরোয়া ফুটবল-কাঠামো আরও শক্তিশালী করতে হবে। খেলা মাঠে রাখতে হবে নিয়মিত। কিন্তু ক্লাবগুলোর হাতে জিম্মি বাফুফে এই স্বাধীনতা কাপ মাঠে নামাতেই হিমশিম খাচ্ছে!
উল্লেখ্য, আট ফুটবলারকে নিজেদের দাবি করে শেখ জামাল আদালতের শরণাপন্ন হয়েছে। ৩ এপ্রিল আপিল বিভাগে মামলার শুনানি হওয়ার কথা। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শেখ জামালের পাশাপাশি চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলের ম্যাচ রাখা হয়নি সূচিতে।