২৬ অক্টোবর এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে ‘হাই-হ্যালো’ করার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজের সামনে। রোনালদোই সুযোগটি নিলেন না। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া অ্যাসোসিয়েশনের দেওয়া ২০১৩-১৪ মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার নিতে বুধবার বার্সেলোনায় থাকার কথা এই দুই তারকার। দুজন গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন দুটি লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ৩১টি গোল করেছিলেন সুয়ারেজ, রিয়ালের হয়ে সমান গোল রোনালদোরও। কিন্তু কাতালান দৈনিক এল মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রোনালদো নাকি সুয়ারেজের সঙ্গে একই অনুষ্ঠানে পুরস্কার নিতে চান না! হয়তো কামড়-কাণ্ডের পর সুয়ারেজের যে ভাবমূর্তি দাঁড়িয়েছে, তাতে তাঁর সঙ্গে পুরস্কার নিতে চাইছেন না রোনালদো। কারণ যদি সত্যিই এমনটি হয়, সুয়ারেজের জন্য সেটি হবে মর্মপীড়াদায়ক। উরুগুইয়ান স্ট্রাইকারকে তাতিয়ে দিলেন না তো পর্তুগিজ উইঙ্গার? সূত্র: বিদেশি পত্রিকা।