প্রত্যাশা ছাপিয়ে যাওয়া এক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রত্যাশিত কিছু পাওয়ার আনন্দ বুঝি এমনই হয়! যে জর্ডানের বিপক্ষে যতটা সম্ভব কম গোল খাওয়ার লক্ষ্য ছিল, তাদের বিপক্ষেই কিনা জয়! প্রথম ম্যাচ জিতেই তাই ল্যাপ অব অনার দিয়ে ফেলল বাংলাদেশের মেয়েরা। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে l প্রথম আলো
অপ্রত্যাশিত কিছু পাওয়ার আনন্দ বুঝি এমনই হয়! যে জর্ডানের বিপক্ষে যতটা সম্ভব কম গোল খাওয়ার লক্ষ্য ছিল, তাদের বিপক্ষেই কিনা জয়! প্রথম ম্যাচ জিতেই তাই ল্যাপ অব অনার দিয়ে ফেলল বাংলাদেশের মেয়েরা। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে l প্রথম আলো

কে ভেবেছিল কালকের সন্ধ্যাটা এভাবে স্মরণীয় করে রাখবে বাংলাদেশের মেয়েরা? এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে কখনোই ফেবারিট ছিল না বাংলাদেশ। প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ জর্ডান। পরশু সংবাদ সম্মেলন কোচ গোলাম রব্বানী তো বলেই দিয়েছিলেন, ‘এই দলের সঙ্গে যত পারি কম গোল খাওয়ার চেষ্টা করব।’ অথচ সেই বাংলাদেশই সবাইকে অবাক করে দিয়ে হারিয়ে দিল জর্ডানকে! পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছে সানজিদা।
মহিলা ফুটবলে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে মেয়েরা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায় না কখনো। অথচ আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর মাস দুয়েক আগে শুরু হয়ে যায় তোড়জোড়। তুলনায় জর্ডানের মেয়েরা অনেক এগিয়ে। এই টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুতি চলেছে ছয় মাস ধরে। ঢাকায় আসার আগে ছয় দিন অনুশীলন করে এসেছে জার্মানিতে। এদের সঙ্গেই মণিকারা এমন দাপটে খেলবে, জর্ডানের কারোর কল্পনাতেই সেটি ছিল না।
হতাশায় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই এলেন না প্রধান কোচ মানার মুস্তফা আহমেদ ফ্রেইজ। তাঁর সহকারী হায়া কাতামির ফরসা মুখখানা লজ্জায় লাল দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল, এই বুঝি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বাংলাদেশের কাছে হারটা মানতেই পারছিলেন না সহকারী কোচ, ‘এই ফলে আমরা বিস্মিত। বাংলাদেশের মেয়েরা আজ অসাধারণ ফুটবল খেলেছে।’
পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলেছে বাংলাদেশ। রক্ষণ-মাঝমাঠ-আক্রমণভাগ প্রতিটি বিভাগেই ছিল বাংলাদেশের মেয়েদের দাপট। যদিও বেশ কয়েকবার বক্সে ঢুকে গোল করতে পারেনি কৃষ্ণা, মৌসুমী। প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ছিল আরও উজ্জীবিত। ৭০ মিনিটে বক্সের মধ্যে ঢুকে পড়ে বদলি খেলোয়াড় লিপি। জর্ডানের ডিফেন্ডার জেইনা বাধা দিলে চীনা রেফারি ওয়াং জিয়া পেনাল্টির বাঁশি বাজাতে মোটেও দেরি করেননি। দুর্দান্ত এক পেনাল্টি কিকে গোল করেছে সানজিদা।

পেনাল্টি নেওয়ার আগে আমার একটুও ভয় করেনি। অনুশীলনে সব সময় যেদিকে শট নিই, সেই দিকেই মেরেছি  —সানজিদা বাংলাদেশের জয়ের নায়িকা
পেনাল্টি নেওয়ার আগে আমার একটুও ভয় করেনি। অনুশীলনে সব সময় যেদিকে শট নিই, সেই দিকেই মেরেছি —সানজিদা বাংলাদেশের জয়ের নায়িকা

আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হলো এই ম্যাচেই। তাতেই সে জয়ের নায়িকা। চোখেমুখে সেই অনুভূতি ফুটিয়ে সানজিদা বললেন, ‘পেনাল্টি নেওয়ার আগে আমার একটুও ভয় করেনি। অনুশীলনে সব সময় যেদিকে শট নিই, সেই দিকেই মেরেছি।’ সর্বশেষ বঙ্গমাতা স্কুল ফুটবলের ফাইনালে সানজিদার ২ গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ময়মনসিংহ কলসিন্দুর হাইস্কুল।
এমন একটা জয়, তবু তৃপ্তিতে আচ্ছন্ন হচ্ছেন না কোচ গোলাম রব্বানী, ‘আজ জিতেছি বলে সব পেয়ে গেছি এটা ঠিক না। এখনই নির্ভার হওয়া যাবে না। আমাদের পরের প্রতিপক্ষ আরব আমিরাত। ওদের সঙ্গেও জিততে চাই। ধাপে ধাপে এগোতে চাই আমরা।’ কোচ জয়ের পুরো কৃতিত্বই দিলেন মেয়েদের, ‘জয়ে সবারই অবদান আছে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এগুলো মাথায় রেখেই খেলতে হবে। এই দলের সব মেয়ে সংগ্রাম করে উঠে এসেছে। ম্যাচের আগে ওদের বলেছিলাম, তোমাদের মনোবল হারানোর কিছু নেই। সবাই দেশের জন্য খেলবে। আমাদের এই অর্জনকে যেন কেউ ফ্লুক না বলে। এই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’
ম্যাচটা শেষ হতেই কেউ একজন মাঠে নিয়ে এল বাংলাদেশের জাতীয় পতাকা। লাল-সবুজ মাথার ওপর তুলে উল্লাস করল মেয়েরা। পতাকাটা উঁচুতে ধরে রাখার চ্যালেঞ্জটাও যে এখন তাদেরই।
ইরানের গোল উৎসব: বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯-০ গোলে হারিয়েছে ইরান। ঘাসেমি ও ঘেরাইলি করেছে ৪টি করে গোল। অন্যটি দাব্বাঘির। এই আমিরাতের সঙ্গেই আগামীকাল খেলবে বাংলাদেশ।