প্রত্যাশার কেন্দ্রে যখন মেসি-নেইমার

মেসি-নেইমার যে দলের অংশ, সে দলের দৃষ্টি যে এই দুই প্রতিভাবানের ওপর নিবদ্ধ থাকবে, সেটা আর বলে দেওয়ার কিছু নয়। অবচেতনেই এমন খেলোয়াড়েরা দলের প্রত্যাশার জোয়ালটা কাঁধে নিয়ে নেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নেইমারের জোড়া গোলের পর এ কথাটিই যেন নতুন করে বললেন আন্দ্রেস ইনিয়েস্তা। জানিয়েছেন, মেসি-নেইমার থাকায় দলের সবার প্রত্যাশা এই দুজন যেকোনো ম্যাচকেই নিজেদের কারিশমা দিয়েই নিজেদের পক্ষে নিয়ে আসবেন। মেসি-নেইমারের প্রতিভার ওপর দলের অসম্ভব নির্ভরশীলতার ব্যাপারটিও অস্বীকার করতে চাননি এই স্প্যানিশ মিডফিল্ডার।
লা লিগায় নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে লিগ তালিকায় এই মুহূর্তে শীর্ষেই আছে বার্সেলোনা। বিলবাওয়ের বিপক্ষে সর্বশেষ জয়টি কষ্টার্জিত হলেও এই ম্যাচে কোচ লুইস এনরিকেকে তৃপ্তি জোগাচ্ছে মেসি-নেইমারের দারুণ ক্রীড়াশৈলী। দুটো গোলই নেইমার পেয়েছেন মেসির সহায়তায়। এই যুগলবন্দিতে দারুণ আশাবাদী ইনিয়েস্তাও, ‘মেসি-নেইমার আপনার দলে থাকার অর্থই হচ্ছে প্রতিপক্ষের ওপর বিশাল চাপ। এই দুজন থাকলে ধরে নেওয়া যায় প্রতিপক্ষের অর্ধে আপনি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন।’
এই দুইয়ের প্রতিভায় ইনিয়েস্তার রয়েছে দারুণ শ্রদ্ধা ও ভক্তি, ‘মেসি ও নেইমার অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। তাঁরা দুজনেই অনন্য।’ এর পরপরই ইনিয়েস্তা বলেছেন, মেসি-নেইমারে দলের প্রত্যাশার কথাটি, ‘এমন প্রতিভাবান দুই ফুটবলারের ওপর দলের প্রত্যাশাটা স্বভাবতই অন্যদের চেয়ে অনেক বেশি।’
এই মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্ব করছেন ৩০ বছর বয়সী ইনিয়েস্তা। গত মৌসুমের অধিনায়ক জাভি হার্নান্দেজ বসে থাকছেন ডাগআউটে। কিন্তু তার পরও দলে তাঁর অবদান রাখার অনেক ক্ষেত্র রয়েছে বলে মনে করেন ইনিয়েস্তা। ব্যাপারটি নিয়ে তাঁর ভাবনাটা একটু অন্য রকমই, ‘দেখুন মৌসুম অনেক লম্বা। এই লম্বা মৌসুমে কখন কোন খেলোয়াড়কে দরকার হয়, সেটা আগে থেকে বলা যায় না। হয়তো মৌসুমে এমন সময় আসবে যখন জাভিকে খুব প্রয়োজন হবে। চ্যাম্পিয়ন খেলোয়াড়েরা যেকোনো পরিস্থিতিতেই বাজিমাত করতে পারে। জাভি একজন চ্যাম্পিয়ন ফুটবলার।’ সূত্র: এএফপি।