প্রত্যাশার 'চাপে' মামুনুলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল আসছে না। গোল করার ব্যর্থতাই যেন বাংলাদেশের ফুটবলের আপাতপ্রধান সমস্যা। বাহরাইনের সঙ্গে সেমিফাইনাল সামনে রেখে হেমন্ত-জামালদের গোলে শ্যুটিং অনুশীলন তো করালেনই, কোচ মারুফুল হক অনুশীলন করালেন টাইব্রেকারেরও। কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে l প্রথম আলো
গোল আসছে না। গোল করার ব্যর্থতাই যেন বাংলাদেশের ফুটবলের আপাতপ্রধান সমস্যা। বাহরাইনের সঙ্গে সেমিফাইনাল সামনে রেখে হেমন্ত-জামালদের গোলে শ্যুটিং অনুশীলন তো করালেনই, কোচ মারুফুল হক অনুশীলন করালেন টাইব্রেকারেরও। কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে l প্রথম আলো

চাপ! চাপ! চাপ!!!
উফ্ আর ভালো লাগে না। সরাসরি এভাবে না বললেও মামুনুল ইসলাম যেন সেটাই বোঝাতে চাইলেন। মাইক্রোফোনটা সামনে এনে বলে দিলেন, ‘এই টুর্নামেন্ট আমরা শুরুই করেছিলাম চাপ নিয়ে। চারদিকে চাপ। সাংবাদিকেরাও চাপ দেন। আমাদের ওপর প্রেশার অনেক বেশি। একমাত্র সালাউদ্দিন ভাই আমাদের উৎসাহ দিয়েছেন।’
অসহায় এক অধিনায়কের প্রতিচ্ছবি ফুটে বেরোল বাফুফের ভবনের সংবাদ সম্মেলনকক্ষে। দলের পারফরম্যান্স নিয়ে অনেক বাঁকা বাঁকা প্রশ্ন গেল তাঁর দিকে। এমনও প্রশ্ন হলো, তাঁর কর্নার, ফ্রি-কিকগুলো ঠিক হচ্ছে না কেন? কর্নারগুলো কেন মনে হয় ‘নদীর ওপারে’ গিয়ে পড়ছে!
মাঠেই সব জবাব দিতে চান মামুনুল, আজ বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল বাধাটা পেরিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ঠিকরে বেরোয় তাঁর চোখেমুখে। প্রতিপক্ষ বাহারি নামের বাহরাইন হতে পারে, কিন্তু আসলে এটি সে দেশের অনূর্ধ্ব-২০ দল, যারা অভিজ্ঞতায় অনেক পিছিয়ে।
বাহরাইন জাতীয় দল এলে ভিন্ন কথা ছিল। ১৯৭৯ কোরিয়ার প্রেসিডেন্টস কাপে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে বাংলাদেশের হেরেছিল ০-২ গোলে। ২০০৬ এশিয়ান গেমসে ব্যবধানটা বড়ই, ১-৫। তবে এই তরুণ দলটির খেলোয়াড়দের জন্ম ১৯৯৫-৯৬ সালের পর। সুতরাং এই দলের সঙ্গে আজ বিকেল সাড়ে ৫টায় শুরু ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জয়টাই বেশি কাঙ্ক্ষিত।
এই বাহরাইন তো সেই বাহরাইন নয়, গতবারও বঙ্গবন্ধু কাপে দাগ কাটতে পারেনি। এবারও এখন পর্যন্ত নয়। যশোরে তো বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশের তরুণেরা গোলের সুযোগ নষ্ট করায়। তবে বাহরাইনের রানিং ও স্কিল ভালো। জড়তা কিছুটা কাটিয়ে উঠেছে। এদের তাই হালকা করে নিতে পারে না বাংলাদেশ দল।
বাহরাইনের কোচ মারজান ইদ তো খুবই সাহসী হতে চান, ‘বাংলাদেশ দল শারীরিকভাবে ও স্কিলে এগিয়ে থাকলেও আমরা আশাবাদী। কারণ আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ যদি থেকে থাকে সেটা বাংলাদেশ দলের ওপরই। আমি তো মনে করি ম্যাচটা উন্মুক্তই হবে।’
বাংলাদেশ কোচ মারুফুল হকও সেটাই মনে করেন। তবে চাইছেন, ৯০ মিনিটেই ম্যাচটি বের নিতে। যদিও কাল বুয়েট মাঠের অনুশীলনে পেনাল্টি শুটআউটও চলল আলাদাভাবে। মারুফ দলের কাছ থেকে ঠিক সেরাটা পাচ্ছেন না বলেই নিজের কাজটা করে রাখলেন।
শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের দুটি ম্যাচে মালয়েশিয়া একাদশ ও নেপালের সঙ্গে ড্র করেছে। স্বাভাবিকভাবেই একটু হতাশার চাদর ঘিরে রেখেছে অলক্ষ্যে। তবে মারুফুল বলছেন, ‘খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে চাঙা করতে সব চেষ্টাই করছি। মাঠে সেটার প্রয়োগ ঠিকঠাক হলে আশা করি আমরা এই সেমিফাইনালটা উতরে যাব।’
কিন্তু আগের মতো বাংলাদেশ দলের ‘বিল্ডআপ ফুটবল’ দেখা যাচ্ছে কম। বল পজেশনটা বেশির ভাগই নিজেদের সীমানায়। ব্যাকপাস খেলার প্রবণতা বেড়েছে। ব্যক্তিগত ঝলকও সেভাবে কেউ দেখাতে পারছেন না। বাংলাদেশ দলে বড় সমস্যা অবশ্য অন্য।
এক. গোলের সহজ সব সুযোগ নষ্ট। যে কারণে দল ভুগছে।
দুই. রক্ষণে সমন্বয়ের অভাব। তারই মাশুল দিতে হচ্ছে ম্যাচে। পেছনের কথা বাদই দেওয়া যাক, সাফ থেকে এ সমস্যাটা বড় হয়ে উঠেছে। যদিও নেপালের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে একটু ‘উন্নতি’ দেখেছেন কোচ। গোল হজম করেনি। তবে গোল করতেও পারেনি।
তাই ‘আরও ভালো খেলতে হবে’, ‘আগের মতো ভুল করলে চলবে না’ জাতীয় কথাই কাল ঘুরেফিরে এল কোচ-অধিনায়কের মুখে। মাঠেও সেটির প্রভাব থাকলে চাপটা অন্তত কিছুটা কমবে!