প্রত্যাশায় লাগাম টানছেন লো
পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। চিলির আছেন অ্যালেক্সিস সানচেজ। জার্মানির আছেন কে?
কনফেডারেশনস কাপে এবার জার্মানির দলটাই এমন যে প্রশ্নটার উত্তর খুঁজতে মাথা চুলকাতে হবে অনেকক্ষণ। বড় তারকাই যে নেই জার্মানির। ড্রাক্সলার-চ্যান-ব্রান্ট-কিমিখদের মতো প্রতিভাবান তরুণেরা আছেন, কিন্তু তাঁরা তো আর তারকাখ্যাতিতে রোনালদো-সানচেজের ধারেকাছেও নন। পুরো দলের সম্মিলিত অভিজ্ঞতাই মাত্র ১৩৮ ম্যাচ!
এই অনভিজ্ঞ দলটাকে নিয়েই প্রশ্নচিহ্ন আরও বড় হয়ে উঠেছে পরশু টুর্নামেন্টে জার্মানির প্রথম ম্যাচের পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ গোলে জিতেছে। কিন্তু শেষ দিকে অস্ট্রেলিয়া যেমন চেপে ধরেছিল, তাতেই অনেকের শঙ্কা, চিলি-পর্তুগালের সঙ্গে চাপটা সামলাতে পারবে এই তরুণ জার্মানি? কোচ লো অবশ্য এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন বেশ সহজভাবেই—এই তরুণ দলের ওপর প্রত্যাশার বোঝা না চাপালেই তো হয়!
তারকাহীন দলের প্রভাব মাঠের চেয়ে গ্যালারিতেই বেশি পড়েছে। পরশু সোচির ফিশত স্টেডিয়ামের ৪৭ হাজার ৭০০ আসনের প্রায় অর্ধেকই ছিল খালি। গোল পেতে অবশ্য দেরি হয়নি জার্মানির, পঞ্চম মিনিটে গোল করেন লারস স্টিন্ডল। ৫৫ মিনিটের মধ্যেই ম্যাচে গোল যা হওয়ার হয়ে গেছে। জার্মানির বাকি দুটি গোল ইউলিয়ান ড্রাক্সলার ও লিওন গোরেৎস্কার, অস্ট্রেলিয়ার দুটি দুই ‘টমি’—টমি রজিচ ও টমি জুরিচের। জার্মানির ভাগ্য ভালো, শেষ ৩৫ মিনিটে গোল হয়নি। খেলার ধারা অনুযায়ী এগোলে গোলটা যে অস্ট্রেলিয়ার পক্ষেই হওয়ার সম্ভাবনা বেশি ছিল!
শেষে এসে পথ হারিয়ে ফেলাটাই ভাবাচ্ছে লো-কে। তার ওপর পরের ম্যাচটা আবার চিলির বিপক্ষে। জার্মানি কোচ বললেনও সেটি, ‘খুশি যে আমরা তিন পয়েন্ট পেয়েছি। তবে ৬০ মিনিটের পর আমরা পথ হারিয়ে ফেলেছি। এটি নিয়ে কাজ করতে হবে। চিলি ম্যাচটা অনেক কঠিন হবে, কারণ চিলি অনেক ক্ষিপ্র ও দক্ষ। আমাদের ৬০ নয়, ৯০ মিনিটই নিজেদের ধরে রাখতে হবে।’
জার্মানি দুটি গোলই খেয়েছে গোলকিপার বার্নড লেনোর ভুলে। তবে তাঁকে আগলেই রাখছেন লো, ‘প্রথম গোলটা ঠেকানো সহজ ছিল না, আর দ্বিতীয় গোলের সময় বল অন্য একজনের গায়ে লেগেছে। ও হয়তো বলটা ধরে রাখতে পারত, তবে ও ভালো গোলকিপার। এ নিয়ে আমার কোনো সংশয় নেই।’
আপাতত সন্তুষ্ট লো দলের খেলায়ও। তরুণ দলটির ওপর প্রত্যাশার বোঝা না চাপানোর অনুরোধও করলেন, ‘নতুন একটা দল নিয়েও সবকিছু ভালোই চলছে। দলের খেলার ধরণটাও ভালোই ছিল। এদের ওপর খুব বেশি প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না।’ এএফপি, এসবিএস।