প্রথম আলোর জয়ে ‘নেইমারে’র জোড়া গোল

জয়ী প্রথম আলো দলের সদস্যরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা লেখেন মানুষের ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতার কথা। বের করে আনেন খবরের ভেতরের খবর, সে সমাজের অনিয়ম-দুর্নীতিই হোক কিংবা রাজনৈতিক দলের পরবর্তী কৌশল। কিন্তু কলম হাতে নির্ভীক এই সাংবাদিকদের যে ফুটবল পায়ে দক্ষতাও একেবারে মন্দ নয়, তা কে জানত!

সেটা জানা গেল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টে। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে আজ দৈনিক জনকণ্ঠকে ২-০ গোলে হারিয়েছে প্রথম আলো।

ম্যাচের দুই অর্ধে দুই গোল করেছেন নিজেকে ‘প্রথম আলোর নেইমার’ দাবি করা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিজেকে ‘প্রথম আলোর নেইমার’ দাবি করা রিয়াদুল করিম
ছবি: প্রথম আলো

অবশ্য কার ঢঙে গোল দুটি করেছেন, তা বলতে গিয়ে একটু ভাবতে হলো রিয়াদুল করিমকে। ম্যাচের পর রিয়াদুল করিমের কপট গাম্ভীর্য, ‘লিখে দাও, মেসির মতো; না না, নেইমারের মতো করে দুই গোল করেছেন রিয়াদুল করিম!’

বেলুন ফোলানো সেখানেই শেষ হলো না; তাঁর পরের দাবি, ‘আর বোলো না, ব্রাজিল-আর্জেন্টিনা থেকে এরই মধ্যে ফোনের পর ফোন আসছে। পরের বিশ্বকাপে ওদের হয়ে খেলতে বলছে!’

বিজয়ী প্রথম আলো দলের জয় উদ্‌যাপন
ছবি: প্রথম আলো

নকআউট এই টুর্নামেন্টটি ‘সিক্স-আ-সাইড’, অর্থাৎ মাঠে এক দলে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় খেলতে পারবেন।

প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজ ছিলেন দলের ব্যবস্থাপক। কোচ ছিলেন প্রথম আলোর বাণিজ্য বিভাগের সম্পাদক সুজয় মহাজন।

দলের খেলোয়াড়রা হলেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোস্তফা, স্টাফ রিপোর্টার নুরুল আমিন, জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদুজ্জামান, জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব ও জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম।

এর বাইরে প্রতিটি দলে একজন করে অতিথি খেলোয়াড় খেলতে পারেন, এবার প্রথম আলোর সেই অতিথি খেলোয়াড়—আলোকিত বাংলাদেশের ক্রীড়া প্রতিবেদক শফিক কলিম।