প্রথম উপার্জনে কেউ কিনেছেন দুধের বোতল, কেউ আরামের বিছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনার কথা মনে আছে? সেই যে আহসান হাবীবের ‘ইচ্ছা’ কবিতার ছেলেটি। বিলের ধারে ঘাস কেটে বেচবে, জাল কিনবে, নদীর বাঁকে মাঝ ধরবে ঝাঁকে ঝাঁকে, সেই মাছ বেঁচে বোনকে দেবে পাটের শাড়ি, মা কে দেবে রঙিন হাঁড়ি।

মনার এই আটপৌরে ইচ্ছেগুলো প্রায় সবার মধ্যেই থাকে। ক্রীড়া তারকারাও বাদ যাবে না। খেলা-ই তাঁদের কর্মজীবন। সেই জীবনের প্রথম পারিশ্রমিক তারা অনেকভাবেই খরচ করেন। কারও শুরু হয় পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করে, কেউ আবার ছোটেন গাড়ি, বাড়ির পেছনে। এমনকি ভিডিও গেমসও!

আসুন জেনে নেই, জীবনের প্রথম পারিশ্রমিক কীভাবে খরচ করেছেন কিছু ক্রীড়া তারকা:

মায়ের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: টুইটার
মায়ের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদো
নামেই পরিচয়। বলা হয়, রোনালদো টাকা-পয়সার পেছনে ছোটেন না, টাকা-পয়সাই তাঁর পেছনে ছোটে। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের একজন রোনালদোর বর্তমান বিলাস-জীবন দেখে মনে হওয়াই স্বাভাবিক, বেতনের প্রথম টাকাটা হয়তো গাড়ি-বাড়ির পেছনেই ঢেলেছেন। ভুল। জুভেন্টাস তারকা তাঁর মা কে ভীষণ ভালোবাসেন। রোনালদোর আজকের এই অবস্থানের পেছনে রয়েছে তাঁর মা মারিয়া ডলোরেস আভেইরোর অনেক ত্যাগ-তিতিক্ষা। সে অনেক কথা। শুধু জেনে রাখুন, স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর প্রথম পারিশ্রমিক পেয়েই মা কে বিশ্রামে পাঠিয়েছিলেন রোনালদো। ছেলেকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করতেন ডলোরেস। ইংল্যান্ডে গিয়েই মা কে দু দণ্ড শান্তি দিয়ে রোনালদো বলেছিলেন, ‘তিনি অনেক ভুগেছেন। অনেক কঠিন সময় পার করেছেন।’ ডলোরেসের ভোগান্তি নিশ্চয়ই এখন সার্থক।

ব্রাজিলে ‘ইয়াকুল্ত’ নামে এক ধরনের দুধজাতীয় পানীয় ছোটবেলায় ভীষণ পছন্দ করতেন কাসেমিরো। ছবি: টুইটার
ব্রাজিলে ‘ইয়াকুল্ত’ নামে এক ধরনের দুধজাতীয় পানীয় ছোটবেলায় ভীষণ পছন্দ করতেন কাসেমিরো। ছবি: টুইটার

কাসেমিরো
রিয়াল মাদ্রিদের ‘ডেস্ট্রয়ার’ কাসেমিরোর পেশাদার ক্যারিয়ার শুরু সাও পাওলোতে। আর দশজন ব্রাজিলিয়ান তারকার মতো তাঁর উঠে আসার পথও ছিল বন্ধুর। দারিদ্র্যের কশাঘাত ছিল। কিন্তু শৈশবের চাওয়া-পাওয়া তা ‍খুব কমই বোঝে। ছোটবেলায় ‘ইয়াকুল্ত’ নামে এক দুধজাতীয় পানীয় ভীষণ পছন্দ ছিল কাসেমিরোর। কিন্তু পারিবারিক বাজেট থেকে দুটো পয়সা বের করে সন্তানকে এ পানীয় কিনে দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর পরিবারের। সাও পাওলো তে প্রথম পারিশ্রমিক পেয়েই কাসেমিরো ঠিক করেছিলেন, ওই ইচ্ছাটা কানায় কানায় পূর্ণ করবেন। ব্রাজিলিয়ান ‘ট্যাংক’খ্যাত এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ভাষায়, ‘(মায়ের সঙ্গে) সুপারমার্কেটে গিয়ে আমরা ৮০ বোতল কিনেছিলাম।’

জাভি হার্নান্দেজ
বার্সেলোনার ঘরের ছেলে। ১১ বছর বয়সে যোগ দিয়েছিলেন বার্সার যুব প্রকল্পে। সে বছরই পেয়েছিলেন প্রথম পারিশ্রমিক। তখনকার স্প্যানিশ মুদ্রায় ৪০০০ পেস্তো। বার্সা কিংবদন্তি এ টাকা দিয়ে টোস্টার (রুটি সেঁকার যন্ত্র) কিনে দিয়েছেন মাকে।

সার্জিও রামোস। দাদিকে ভীষণ ভালোবাসেন তিনি। ছবি: টুইটার
সার্জিও রামোস। দাদিকে ভীষণ ভালোবাসেন তিনি। ছবি: টুইটার

সার্জিও রামোস
রিয়াল মাদ্রিদের নেতা, সঙ্গে স্প্যানিশ রক্ষণভাগেরও। সেভিয়ার যুব প্রকল্প থেকে সেই ক্লাবেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ৩৪ বছর বয়সী এ সেন্টারব্যাক। গত বছর প্রশ্নটির সম্মুখীন হয়েছিলেন তিনি, প্রথম পারিশ্রমিক দিয়ে কি করেছিলেন? রামোস জানিয়ে দেন, জীবনের বিশেষ এক মানুষের জন্য খরচ করেছিলেন টাকাটা, ‘প্রথম পারিশ্রমিক পেয়ে দাদির জন্য রান্নাঘর ও বাথরুম বানিয়ে দিয়েছিলাম।’

লেব্রন জেমস
এনবিএ-র ইতিহাসে অন্যতম সেরা বাস্কেটবল তারকা। লস অ্যাঞ্জেলস লেকার্সের এই পাওয়ার ফরোয়ার্ড জীবনের প্রথম বড় অঙ্কের চুক্তি করেছিলেন ২০০৩ সালে নাইকির সঙ্গে। তাঁর সে সময়ের ব্যক্তিগত ব্যবস্থাপক ক্রিস ডেনিস ইএসপিএনকে বলেছিলেন, ‘চেকটা তাকে দেওয়ার পর সে তা ব্যাংকে জমা করে। সম্ভবত ২০০০ ডলার সঙ্গে করে এনেছিল। সে কোনো বিলাস বহুল বা পাগলাটে খরচের পথে যায়নি। সবচেয়ে কাছের বন্ধুকে বিনোদন পার্কে নিয়ে গিয়েছিল। হুট করে গাড়ি-বাড়ি কিনে ফেলেনি।’

ভেনাস উইলিয়ামস। প্রথম উপার্জনের টাকা ব্যাংকে রেখেছিলেন। ছবি: টুইটার
ভেনাস উইলিয়ামস। প্রথম উপার্জনের টাকা ব্যাংকে রেখেছিলেন। ছবি: টুইটার

ভেনাস উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস টেনিস রাজপাটের দখল নেওয়ার আগে রাজত্ব ছিল তাঁর বোন ভেনাসের। ২০ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ৪ লাখ ৩০ হাজার পাউন্ড পেয়েছিলেন ভেনাস। কোনো ফালতু খরচ নয়, এমনকি প্রয়োজনীয় কিছু-ও কেনাকাটা করেননি তিনি। গোটা টাকার অঙ্কই ব্যাংকে রেখেছিলেন ভেনাস। এ নিয়ে সিএনবিসিকে ৭ বারের এ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বলেছিলেন, ‘আমি সেসব অ্যাথলেটদের মতো হতে চাইনি যারা সব পেয়ে পরে ফকির হয়ে গেছে। আমি বাস্তববাদী হতে চেয়েছি।’

শ্যাক ও’নিল
এনবিএ-র ইতিহাসে সবচেয়ে ওজনদার লম্বা খেলোয়াড়দের একজন শ্যাক ও’নিল। ৭ ফুট ১ ইঞ্চি ও ১৪৭ কেজি ওজন নিয়ে কিংবদন্তিদের কাতারে নাম লেখান সাবেক এ বাস্কেটবল তারকা। বর্তমানে বিশ্লেষক ও’নিল তাঁর ক্যারিয়ারে প্রথম স্পনসর চুক্তি করেন ১৯৯২ সালে। ১ মিলিয়ন ডলার মূল্যের সে চুক্তি থেকে পাওয়া টাকাটা খরচ করতে তাঁর ১ ঘণ্টাও লাগেনি! প্রথমে নিজের জন্য একটি মার্সিডিজ বেঞ্জ, এরপর বাবার জন্য একই মডেলের আরেকটি এবং মায়ের জন্য একই কোম্পানির আরেকটি ছোট গাড়ি কিনেছিলেন তিনি। বাকি টাকাটা উড়িয়ে দেন চেইন, কানের দুল ও আংটিতে। ওহ, কিছু টাকা মায়ের ঘর ভাড়া দিতেও খরচ করেছিলেন ও’নিল।

ড্যানিয়েল নরিস। নিজের ফক্সওয়াগন ভ্যানে। ছবি: ইনস্টাগ্রাম
ড্যানিয়েল নরিস। নিজের ফক্সওয়াগন ভ্যানে। ছবি: ইনস্টাগ্রাম

ড্যানিয়েল নরিস
মেজর লিগ বেসবল দেখার অভ্যাস থাকলে নামটা অপরিচিত লাগার কথা না। ডেট্রয়েট টাইগার্সের এ পিচার টরেন্টো ব্লু জেজ-এ থাকতে প্রথম চুক্তি করেন মাত্র ১৮ বছর বয়সে। ২ মিলিয়ন ডলার মূল্যের সেই চুক্তির অর্থ হাতে পেয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন নরিস। যেমনটা ভাবছেন মোটেও তেমন কেনাকাটা নয়। ইএসপিএন জানিয়েছে, ১৪ ডলার মূল্যের টি-শার্ট কিনেছিলেন নরিস। এরপর কিনেছিলেন ১০ হাজার ডলার দামের ফক্সওয়াগন ভ্যান। মৌসুমের বাইরে এ ভ্যানেই জীবন কাটাতেন নরিস। ২০১৫ সালে তার ছবিও পোষ্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

হ্যারিসন বার্নস
এনবিএ-তে স্যাক্রামেন্টো কিংসের তারকা ফরোয়ার্ড হ্যারিসন বার্নস। ২.৮ মিলিয়ন ডলার মূল্যের প্রথম চুক্তির পর শ্যাকিলে ওনিলের পথে হাঁটেননি তিনি। সবার আগে একটা ভালো বিছানা কিনেছিলেন তিনি। এনবিসিকে একবার বার্নস বলেছিলেন, ‘ছোটবেলায় একটা ভালো বিছানায় ঘুমোনোর স্বপ্ন দেখতাম। কিন্তু দোকানে গিয়ে কিনতে হতো সবচেয়ে স্বস্তাটা। কিন্তু তোশকের দোকানে গিয়ে ইচ্ছেমতো কেনার সামর্থ্য হওয়ার পর আর দেরি করিনি। সুন্দর, পরিপাটি একটা বিছানা কিনেছি।’