প্রথম এসেই আইরিশ-ইতিহাস

ঘন বৃষ্টি পরে শিলাবৃষ্টি হয়ে নামল। খেলাও বন্ধ ৩ মিনিটের জন্য। তবু উত্তর আয়ারল্যান্ডের ইতিহাস গড়ার পথে সেটি বাধা হতে পারেনি। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরোয় নিজেদের প্রথম জয় পেল উত্তর আয়ারল্যান্ড এবং প্রথমবার ইউরো খেলতে এসেই।
শিলাবৃষ্টির আগেই প্রথম গোলটি পেয়ে গিয়েছিল উত্তর আয়ারল্যান্ড। গ্যারেথ ম্যাকলির ওই গোলের পর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেছেন নিয়াল ম্যাকগিন। ম্যাচসেরা ম্যাকলির কণ্ঠে ইতিহাস গড়ার উচ্ছ্বাস, ‘অনেকেই এই গ্রুপে আমাদের কোনো সুযোগ দেখেনি। কিন্তু উত্তর আয়ারল্যান্ড মানেই হলো সবাইকে ভুল প্রমাণ করা।’
নিজেদের ইতিহাসকে আরও রাঙিয়ে নিতে দ্বিতীয় পর্বেও উঠে যেতে পারে আইরিশরা। সে পথের সামনে অবশ্য জার্মানি নামের কঠিন বাধা। ম্যাকলি তাই সাবধানী, ‘ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। এটা খুব কঠিন হবে। তবে ফুটবল একটি রোমান্টিক খেলা, এখানে আন্ডারডগরাও মাঝেমধ্যে জেতে।’
ম্যাকলি এই প্রতিযোগিতা ছাপিয়েও তাকাচ্ছেন আরও দূরে। বিশ্ব ফুটবলে উত্তর আয়ারল্যান্ড প্রায় হারিয়ে যাওয়া এক নাম। ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় প্রতিযোগিতায় পা রাখা। তাই ভবিষ্যতেও নজর দিচ্ছেন এই ডিফেন্ডার, ‘অনেক দিন পর আমরা সুযোগ পেলাম। আমরা এই টুর্নামেন্টে উত্তরাধিকার রেখে যেতে চাই। আশা করি, বড় টুর্নামেন্টে আরও নিয়মিত আসতে পারব আমরা।’
তবে প্রতিযোগিতায় যা-ই হোক না কেন, ম্যাকলিদের প্রতি সমর্থকদের ভালোবাসা কমছে না, ‘সমর্থকেরা এখানে আসতে পেরে খুশি এবং আমাদের জন্য এটাই গুরুত্বপূর্ণ।’ এই সমর্থকদের নিয়েই অবশ্য কিছুটা বিষণ্ন উত্তর আয়ারল্যান্ড। গত সপ্তাহে ফ্রান্সের নিসে দুর্ঘটনায় মারা যান সমর্থক ড্যারেন রজার্স। ২৪ বছর বয়সী এই আইরিশের স্মরণে পরশু কালো বাহুবন্ধনী পরে নেমেছিল দল। ম্যাচের সময় ২৪ মিনিটে রজার্সের জন্য এক মিনিট নীরবতা পালন করেন সমর্থকেরা। কিন্তু দল যখন ইউরোতে প্রথম জয়ের আনন্দে বিভোর, আরও একবার আইরিশ গ্যালারিতে হানা দিল মৃত্যু। স্তাদ দে লিঁওতে ম্যাচের সময়ই হৃদ্রোগে আক্রান্ত হন ৬২ বছর বয়সী রবার্ট রেইনি। খানিক পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উত্তর আয়ারল্যান্ডের উৎসবে তাই এখন বিষাদের রং। রয়টার্স।