প্রথম কলম্বিয়া, যুক্তরাষ্ট্রের প্রথম

এক দিন আগেও প্রায় নিশ্চিত ছিল, প্যারাগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। পরশু পর্যন্তও মনে হচ্ছিল, চোট থেকে সেরে ওঠার দৌড়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হেরে যাচ্ছেন হামেস রদ্রিগেজ। ম্যাচের আগে দল ঘোষণার সময় তাই চমকই হয়ে এল ‘জার্সি নম্বর টেন’!
তিনি খেললেন, খেলালেন, দলকে জেতালেন। রদ্রিগেজের আলোয় আলোকিত কলম্বিয়া কাল ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। টানা দুই জয় নিয়ে প্রথম দল হিসেবে শতবার্ষিকী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল হোসে পেকারম্যানের দল। একটা ‘প্রথমে’র দেখা কাল পেয়েছে যুক্তরাষ্ট্রও। কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিকেরা কাল কোস্টারিকার বিপক্ষে পেয়েছে টুর্নামেন্টের প্রথম জয়। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
তবে পরশু কোপা আমেরিকা আলোকিত হয়ে থাকল রদ্রিগেজ আলোয়। একটি গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আবারও দেখালেন যেদিন নিজের উদ্ভাবনী ক্ষমতার চূড়ায় থাকেন, ‘হামেস রদ্রিগেজ’ সেদিন পরিপূর্ণ এক বিনোদন প্যাকেজের নাম। ম্যাচের ১২ মিনিটে রদ্রিগেজের কর্নার থেকেই গোল করে কলম্বিয়াকে এগিয়ে দিয়েছিলেন এসি মিলান স্ট্রাইকার কার্লোস বাক্কা। ওই গোলের ১৮ মিনিট পর স্কোরশিটে নাম তুলে নিয়েছেন রদ্রিগেজও। অবশ্য ৭১ মিনিটে প্যারাগুয়ের ভিক্টর আয়ালার দুর্দান্ত গোল ব্যবধান কমানোর পাশাপাশি শেষ কয়েক মিনিট ম্যাচটিকে জমিয়ে তুলেছিল।
চোট নিয়েও এমন দুর্দান্ত খেলার পর তাঁর কিছু না বললেও চলত। কিন্তু ম্যাচ শেষে রদ্রিগেজ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলতে আরও বড় ত্যাগের জন্যও তিনি তৈরি, ‘পঙ্গু হওয়ার আগ পর্যন্ত আমি কলম্বিয়ার হয়ে খেলে যাব। এই দলটার হয়ে সব সময়ই খেলতে চাই, দলটাকে জেতাতে চাই। প্যারাগুয়ের বিপক্ষে সেটি করতে পেরেছি।’ কালকের ম্যাচে খেলার পরও অবশ্য রদ্রিগেজের চোট নিয়ে শঙ্কা পুরোপুরি যায়নি। ম্যাচ শেষে কোচ পেকারম্যান জানিয়েছেন, কোনো না কোনো এক সময়ে অস্ত্রোপচার করাতেই হবে রিয়াল মিডফিল্ডারকে।
কলম্বিয়ার হয়ে রদ্রিগেজ যেমন, যুক্তরাষ্ট্রের জার্সিতে তেমনিই আলো ছড়িয়েছেন ক্লিন্ট ডেম্পসি। পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেছেন, যুক্তরাষ্ট্রের হয়ে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের যেটি ৫০তম গোল। প্রথমার্ধে জার্মেইন জোনস ও ববি উডের গোলেও অবদান আছে ডেম্পসির। ইয়ুর্গেন ক্লিন্সমানের দলের হয়ে শেষ গোলটি গ্রাহাম যুশির। ম্যাচের পর যুক্তরাষ্ট্র কোচও খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করলেন, ‘পুরোপুরি সন্তুষ্টি এনে দেওয়ার মতো পারফরম্যান্স। আমরা খেলার জন্য উন্মুখ ছিলাম, টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য তাড়নাও ছিল অনেক।’
প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও তাড়নাটা লাগবে যুক্তরাষ্ট্রের। শেষ আটে ওঠার জন্য প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটি যে গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। এএফপি, গোলডটকম।
আজকের খেলা
ব্রাজিল–হাইতি
ইকুয়েডর–পেরু
আগামীকালের খেলা
উরুগুয়ে–ভেনেজুয়েলা
মেক্সিকো–জ্যামাইকা