প্রথম গোলে বিতর্ক দেখছেন না দেউলোফেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত গোল করলেও দেউলোফেউয়ের উদ্‌যাপনে ভাটা পড়েনি। ছবি: এএফপি
বিতর্কিত গোল করলেও দেউলোফেউয়ের উদ্‌যাপনে ভাটা পড়েনি। ছবি: এএফপি

জেরার্ড দেউলোফেউয়ের বেড়ে ওঠা বার্সেলোনার যুব প্রকল্পে। সেখান থেকে ধারে খেলেছেন এভারটন, সেভিয়া ও এসি মিলানে। এ ছাড়া ​এভারটনে দুই মৌসুম খেলেছেন স্থায়ীভাবে। স্প্যানিশ এ ফরোয়ার্ড গত জুনে বার্সায় ফেরার পর থেকেই ক্লাবটির মূল একাদশের হয়ে প্রথম গোলের সন্ধানে ছিলেন। শনিবার রাতে মালাগার বিপক্ষে দেউলোফেউ কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেলেও সেটা ছিল বিতর্কিত।

ম্যাচের দুই মিনিটে তাঁর করা প্রথম গোলটি যে এসেছে রেফারির ভুলে। লুকাস দিনিয়ের ক্রস থেকে দেউলোফেউ গোল করার আগে বল বাইলাইন পেরিয়ে গিয়েছিল। রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় গোলের খাতা খুলতে সমর্থন হন তিনি। দেউলোফেউয়ের অবশ্য এ নিয়ে কোনো বিকার নেই। ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ড তাঁর বিবেকের কাছে পরিষ্কার। দিনিয়ে ক্রস করার আগে বল দাগের ওপাশে চলে গেলেও দেউলোফেউ তা খেয়াল করেননি। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে এ কথাই জানিয়েছেন তিনি।

দেউলোফেউ বলেন, ‘আমি এটা (বল) বাইরে যেতে দেখিনি। ভেবেছিলাম ঠিকই আছে, তাই খেলা চালিয়ে গেছি। এখন পর্যন্ত ওই ঘটনার ভিডিও দেখিনি। কিন্তু আমার কাছে এটা ঠিক আছে।’

লিওনেল মেসি ও লুই সুয়ারেজের সঙ্গে দেউলোফেউকে আক্রমণভাগে খেলান বার্সা কোচ আর্নেস্তো ভ্যালভার্দে। ৭৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নস্ট করেন সুয়ারেজ। এর কয়েক মিনিট পরই উরুগুয়ে তারকাকে মাঠ থেকে তুলে নেন ভ্যালভার্দে। মাঠ ছাড়ার সময় সুয়ারেজের প্রতিক্রিয়া ঠিক স্বাভাবিক ছিল না। মৌসুমের এ পথ পর্যন্ত উরুগুয়ে ফরোয়ার্ড কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে মাত্র ৩ গোল! সুয়ারেজের মতো ফরোয়ার্ডের সঙ্গে পরিসংখ্যানটা বেশ বেমানান।

দেউলোফেউ কিন্তু সুয়ারেজের বাজে ফর্ম নিয়ে মোটেও ভাবছেন না। উদাহরণ হিসেবে মেসিকে টেনে তিনি বলেন, ‘সে (সুয়ারেজ) গোল পাবেই। এটা অনেকটাই মেসির মতো। দুই ম্যাচে গোল পাবে না কিন্তু তারপরই হয়তো টানা দুই-তিনটি গোল করে বসবে। তাই দুশ্চিন্তার কিছু নেই।’ বার্সা কোচ ভ্যালভার্দেও তাঁর শিষ্যের ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী, ‘সুয়ারেজ যত বেশি মিস করবে, ততই ভালো। এর মানে হলো, সে সব সময় সঠিক জায়গাতেই থাকছে। আমি জানি সে গোল পাবে।’

মাঠ ছাড়ার সময় সুয়ারেজের প্রতিক্রিয়া দেখানোকেও বেশ স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন ভ্যালভার্দে, ‘সুয়ারেজ উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড় এবং বদলি হওয়াটা তাঁর অপছন্দ। সবাই সব সময় দলের প্রথম একাদশে নিজের জায়গাটা পাকা রাখতে চায়। তাই আমি কোনো সমস্যা দেখছি না।’ সূত্র: স্পোর্ত, মার্কা।