প্রথম দিনেই দুই বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ কামাল কাপ ফুটবলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্থানীয় দল চট্টগ্রাম আবাহনী। কলকাতার ইস্টবেঙ্গলের বিপক্ষে সেই ম্যাচটা সামনে রেখে কাল চট্টগ্রামের বন্দর স্টেডিয়ামে দলটির অনুশীলন l সৌরভ দাশ
শেখ কামাল কাপ ফুটবলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্থানীয় দল চট্টগ্রাম আবাহনী। কলকাতার ইস্টবেঙ্গলের বিপক্ষে সেই ম্যাচটা সামনে রেখে কাল চট্টগ্রামের বন্দর স্টেডিয়ামে দলটির অনুশীলন l সৌরভ দাশ

এমএ আজিজ স্টেডিয়াম চত্বরটা বেশ সেজে উঠেছে। পাঁচ তারকা হোটেল, পার্ক...ছিমছাম, পরিচ্ছন্ন। ফুটবল আনন্দযজ্ঞের আমন্ত্রণ যেন চারপাশে।

দ্রুতই সেই আনন্দযজ্ঞে ডুব দিতে তৈরি হতে পারেন চট্টগ্রামের দর্শকেরা। টুর্নামেন্টের প্রথম দিনেই যে তাঁদের সামনে ‘সুস্বাদু’ ম্যাচ। করাচি ইলেকট্রিকের সঙ্গে ঢাকা আবাহনীর উদ্বোধনী ম্যাচটা হয়তো অত আকর্ষণীয় কিছু নয়। তবে দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে নিশ্চিত ভিড় বাড়বে। যেটিকে বলা যেতে পারে টুর্নামেন্টেরই অন্যতম আকর্ষণীয় ম্যাচ!

চট্টগ্রাম আবাহনী বনাম ইস্টবেঙ্গল। ৯৫ বছরের ইতিহাস আর ১৩৬টি ট্রফি জেতার বিশাল ঐতিহ্যের ধারক ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো তুলনাই হয় না চট্টগ্রামের দলটির। তার ওপর চট্টগ্রাম আবাহনীর ৩৩ বছরের ইতিহাসে আজই প্রথম আন্তর্জাতিক অভিষেক। সেটিও দুই বাংলার ব্যানারে হচ্ছে, শেখ কামাল টুর্নামেন্ট জমে ওঠার জন্য একটা আদর্শ ম্যাচই।

ইস্টবেঙ্গলকে ধরা হচ্ছে এই টুর্নামেন্টের বড় আকর্ষণ। যদিও দলটির ১৪-১৫ খেলোয়াড়ই চলমান আইএসএলে খেলছেন। তারপরও নামটা যখন ইস্টবেঙ্গল, আলোটা ঠিকই পাচ্ছে। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তাই দলে কে আছেন, কে নেই তা নিয়ে একটুও ভাবছেন না, ‘ওই ১৪-১৫ জন ছাড়া আমরা দুটি ম্যাচ খেলে অপরাজিত ছিলাম। আমরা ইস্টবেঙ্গল দল হিসেবেই খেলব।’

ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্মও যাচ্ছে দারুণ। মোহনবাগানের মতো প্রবল প্রতিপক্ষকে ৪ গোলে গুঁড়িয়ে সম্প্রতি ঘরে তুলেছে কলকাতা লিগ শিরোপা। ওই ম্যাচে দুই গোল করেছেন যিনি, সেই কোরিয়ান তরুণ স্ট্রাইকার ডুডং এসেছেন চট্টগ্রামে। এই ইস্টবেঙ্গলের ট্রাম্পকার্ড ভাবা হচ্ছে তাঁকেই।

ইস্টবেঙ্গল কাল বিকেলে যখন পুলিশ লাইন মাঠে অনুশীলন করছিল, এক দল তরুণ সেই অনুশীলন দেখতে এসে বেশ উৎফুল্ল। চোখের সামনে ইস্টবেঙ্গল দলটাকে দেখে একজন আরেকজনকে বলল, ‘জানিস, ওরা খুব ভালো খেলে। কাল খেলা দেখতে যাব।’ তবে ঘরের মাঠের টুর্নামেন্টে শেখ জামাল না থাকায় এই তরুণদের হতাশ লাগল। শেখ জামাল না থেকেও প্রবলভাবে আছে শেখ কামাল টুর্নামেন্টে!

ইস্টবেঙ্গল কোচ তো বললেনই, ‘শেখ জামালের সঙ্গে খেলার জন্য মুখিয়ে ছিলাম। ওরা না থাকায় একটু অবাকই হলাম।’ আহা রে, শেখ জামাল থাকলে একটা জম্পেশ লড়াই এবার হতে পারত নিশ্চয়ই! ইস্টবেঙ্গলকে গত আইএফএ শিল্ডে হারিয়েছিল শেখ জামাল।

চট্টগ্রাম আবাহনীর সামনে সেটি বড় প্রেরণাও। সামনে ইস্টবেঙ্গল, তাতে কী! ঘরের মাঠে এ ম্যাচ জিতে দর্শককে উৎসর্গ করার কথা বললেন চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিক। শেখ রাসেলের ১২-১৩ জন খেলোয়াড় নিয়ে গড়েছেন দলটা। আগস্টে শেখ জামালের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় পেয়ে গেছেন জামাল ভূঁইয়াকেও। সঙ্গে বিদেশি যোগ হওয়ায় মানিকের আশা, দুর্দান্ত চেহারায় দেখা যাবে তাঁর দলকে, ‘আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে। এমিলি আছে, সঙ্গে মিঠুন, রেজা, মিশু, হেমন্তদের নিয়ে অনেক দূর পাড়ি দেব আশা করি।’

এই ‘অনেক দূর পাড়ি’ দেওয়ার আশা সব দলেরই। কেউই পরিষ্কার ফেবারিট নয়, আবার কাউকে বাতিলের খাতায়ও রাখা যায় না। অন্তত ৪-৫টি দল ফেবারিট। যদিও প্রতিপক্ষ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নেই কোনো দলেরই। তবে মাঠের লড়াইয়ের আগে কাউকে হিসাবের বাইরে রাখা যাবে না। সবাই মুখ ফুটে না বললেও শরীরের ভাষা বুঝিয়ে দিয়েছে চট্টগ্রাম থেকে চ্যাম্পিয়ন হয়েই ফেরার প্রতিজ্ঞা।

পাকিস্তানে ঘরোয়া খেলা নেই কয়েক মাস ধরে, অথচ তারাও বলছে, ট্রফিতে চোখ রেখেই এসেছে এই সফরে। শ্রীলঙ্কাকে একটু দুর্বল মনে হতে পারে যে কারও, কারণ ওখানে ঘরোয়া ফুটবল তেমন শক্তিশালী নয়। সেই শ্রীলঙ্কার দলটির কোচ-অধিনায়কও জয়ের প্রবল আকাঙ্ক্ষার কথা জানিয়ে দিলেন।

টুর্নামেন্ট যখন উন্মুক্ত, আকাঙ্ক্ষা তো সবারই থাকবে। তবে চট্টগ্রামের দর্শকেরা নিজেদের দলের সঙ্গে টুর্নামেন্টেরও শুভসূচনার অপেক্ষায়।