প্রথম দিনেই নামবে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের কিংস কাপে ঢাকার শেখ জামাল ধানমন্ডি ও আবাহনীর খেলা নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সূচিও। ‘এ’ গ্রুপে শেখ জামালের সঙ্গে আছে ভুটানের দ্রুক ইউনাইটেড, ভারতের মোহনবাগান ও থাইল্যান্ডের নাখন রাতচাসিং মাজদা। ‘বি’ গ্রুপে আবাহনী, ভারতের আসাম ইলেকট্রিসিটি, নেপালের এমএমসি এফসি, থাইল্যান্ডের ওসোতস্পা ও ভুটানের উগিয়েন একাডেমি।
১৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম দিনে শেখ জামাল খেলবে স্থানীয় দ্রুক ইউনাইটেডের সঙ্গে। পরদিন আবাহনীর প্রথম ম্যাচের প্রতিপক্ষ আসাম ইলেকট্রিসিটি। ভুটানের উগিয়েন একাডেমির সঙ্গে আবাহনীর দ্বিতীয় ম্যাচ ১৮ নভেম্বর।
২৩ নভেম্বর থাইল্যান্ডের নাখন রাতচাসিংয়ের সঙ্গে শেখ জামাল দ্বিতীয় ম্যাচ। ২২ নভেম্বর তৃতীয় ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ নেপালের এমএমসি এফসি। ২৫ নভেম্বর থাইল্যান্ডের ওসোতস্পার সঙ্গে আবাহনীর শেষ গ্রুপ ম্যাচ। শেখ জামালের শেষ গ্রুপ ম্যাচ ২৭ নভেম্বর মোহনবাগানের সঙ্গে। এই মোহনবাগানকে গত ফেব্রুয়ারিতে কলকাতার আইএফএ শিল্ডে শেখ জামাল হারিয়েছিল সনি নর্দের দুর্দান্ত এক ফ্রি কিক গোলে। বছর না ঘুরতেই সেই নর্দে শেখ জামালের বিপক্ষে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামবেন এই কিংস কাপেই।
দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে (২৯ ও ৩০ নভেম্বর)। ফাইনাল ২ ডিসেম্বর।