প্রথম দিনেই পরাশক্তিদের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশ করে বড়দিনের ছুটি কাটানো হয়নি। বছরের শেষ রাতটা নিজের মতো উপভোগ করবেন, সে উপায়ও নেই। নতুন বছরের প্রথম দিনেই মাঠে নামতে হচ্ছে। প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচি নিয়ে কয়েক দিন ধরেই খুব উচ্চকণ্ঠ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গাল। এত ব্যস্ত সূচি খেলোয়াড়দের পারফরম্যান্সে ক্ষতিকর প্রভাব ফেলছে বলেও মনে করেন এই ডাচ কোচ।
আজ মাঠে নামা মানে প্রিমিয়ার লিগের অনেক দলকে সাত দিনের মধ্যে ৩টি ম্যাচ খেলতে হচ্ছে। পুরো ব্যাপারটা নিয়ে তাই খুবই বিরক্ত ফন গাল, ‘একটা ম্যাচের ধকল সামলাতেই অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগে। তারপর অনুশীলন আর মানসিক প্রস্তুতি আছে। এই জন্যই ফিফা আর উয়েফার টুর্নামেন্টে দুই দিনের মধ্যে দুটি ম্যাচ খেলার নিয়ম নেই। কিন্তু ইংল্যান্ডে এটাই সংস্কৃতি। আমাদেরও তাই খেলতে হচ্ছে। কিন্তু এটা খেলোয়াড়দের জন্য ভালো কিছু নয়, ফুটবলের জন্যও নয়।’ উদাহরণ হিসেবে ফন গাল টটেনহামের বিপক্ষে তাঁর দলের সর্বশেষ ম্যাচ এবং চেলসি-সাউদাম্পটন ম্যাচের প্রসঙ্গ টেনেছেন। দুটি ম্যাচেই ফুটবলের গুণগত মান খুব খারাপ ছিল বলে মনে করেন ইউনাইটেড কোচ। আর এই শঙ্কাটা নিয়েই আজ আবার স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। ফন গাল অবশ্য শুধু আজকের ম্যাচ নয়, তাকিয়ে আছেন পুরো বছরের দিকেই, ‘এ বছর (২০১৪) আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে সমর্থকেরা ধৈর্য দেখিয়েছে, আমাদের পাশে থেকেছে। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু একটু করে উন্নতি করছি। তবে এখনো অনেক উন্নতির সুযোগ রয়েছে। আশা করছি, নতুন বছরে আরও ভালো কিছু করে দেখাতে পারব।’
একই দিনে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি খেলবে টটেনহামের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৯ জয়ের পর গত রোববার বার্নলির সঙ্গে ম্যাচটা ২-২ ড্র করেছে সিটি। তবে একই দিনে সাউদাম্পটনের সঙ্গে চেলসিও ১-১ গোলে ড্র করায় দুই দলের পয়েন্টের ব্যবধান বাড়েনি। হোয়াইট হার্ট লেনে আজ জয় দিয়েই শীর্ষস্থানটা নিশ্চিত করে রাখতে চাইবে সিটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকা চেলসি। তবে সেটা খুব একটা সহজ হবে বলে মনে করেন না চেলসি ডিফেন্ডার ফেলিপে লুইস, ‘কাজটা অনেক কঠিন। কারণ যখন আপনি শীর্ষে থাকবেন, সবাই চাইবে আপনাকে সেখান থেকে টেনে নামাতে।’
আপাতত শিরোপার লড়াই থেকে বেশ দূরে আর্সেনাল। বরং মৌসুমের প্রথমার্ধ শেষেও আর্সেন ওয়েঙ্গারের দলের অবস্থান পয়েন্ট তালিকার ৫ নম্বরে। সাউদাম্পটনের বিপক্ষে আজকের ম্যাচে জয় তাদের শীর্ষ চারে জায়গা করে দেবে। তবে আর্সেনালকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন সাউদাম্পটন ডিফেন্ডার ভিক্টর ওয়ানিয়েমা, ‘আমরা নিজের মাঠে খেলব, আত্মবিশ্বাসও দারুণ। আশা করি ভালো ফলই পাব।’ এএফপি, রয়টার্স।