
ইশ্, ওই পাঁচটা মিনিট!
ইশ্, এটা কী করল শেখ জামাল!
শুধু আফসোস আর আফসোস। রেফারির বাঁশি বাজতেই গোল! ম্যাচের বয়স মাত্র ৪৪ সেকেন্ড। চার মিনিট ৪০ সেকেন্ডে আবার গোল। কিছু বুঝে ওঠার আগেই হতভম্ব শেখ জামাল ধানমন্ডি। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে চমকে দেওয়ার পরিকল্পনা নিয়ে নিজেরাই গেল চমকে!
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সে খেলা দেখছিলেন দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মং গাই চুং। তাঁর সামনে গোলে ভাসলে মানসম্মানে একটু হলেও টান লাগতই। কিন্তু সব শঙ্কা ঝেঁটিয়ে বিদায় করে স্বাগতিক দল ঝকঝকে চেহারায়।
দ্বিতীয় গোলটা হজমের পর ম্যাচের রং পাল্টাতে থাকল। শুরুর বিপর্যয় সামলে শেখ জামাল ম্যাচটা ধরে নিল দারুণভাবে। প্রথমার্ধ তো বটেই সেটি অব্যাহত ম্যাচের বাকি সময়েও। বুসান আইপার্ক গতি আর মাপা পাসের ঝলক তুলে শুরু করলেও পরে আর সেভাবে সুবিধা করতে পারেনি।
এটুকুতে ঠিক বোঝানো যাচ্ছে না, প্রথম ৫ মিনিটের পর শেখ জামাল কতটা ঘুরে দাঁড়িয়ে এই প্রীতি ম্যাচের নাটাই হাতে রেখেছে। গোলও পাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল অনেকবার। কিন্তু প্রথমার্ধে মামুনুল, ওয়েডসন আর ল্যান্ডিং বিপদের গন্ধ ছড়িয়েও পোস্টে রাখতে পারেননি বল। তিনজনই বাইরে মেরেছেন ‘ঠান্ডা মাথায়’!
দ্বিতীয়ার্ধেও শেখ জামালের দাপট এবং যথারীতি গোল না পাওয়ার হা-হুতাশ। ভাগ্যও বিমুখ করেছে। শেষ দিকে গোলপোস্ট বাধা না হলে একটা গোল পেতেই পারত শেখ জামাল। ওয়েডসনের ফ্রি-কিক কিনা লাগল পোস্টে!
তিন বিদেশি এমেকা, ওয়েডসন ও ল্যান্ডিংকে নিয়ে শেখ জামালকে এখন জাতীয় দলের চেয়েও শক্তিশালী মনে করেন অনেকে। তাঁরা তিনজন কিছু করবেন, সেই প্রত্যাশাও ছিল। তবে গোল না পেলেও এই ত্রিফলায় কিন্তু একটু হলেও তটস্থ থাকতেই হয়েছে অতিথি দলকে। ওপরে আসার সুযোগ তারা কমই পেয়েছে ২ গোলের পর। কিন্তু ল্যান্ডিং ও এমেকার মধ্যে বোঝাপড়ায় ঘাটতি অক্ষত রেখেছে বুসানের পোস্ট। গোলরক্ষকও খেলেছেন আস্থা নিয়ে।
শেখ জামালের ব্যর্থতার উল্টো পিঠে পার্ক ইয়ং গি মাথাটা ধীরস্থির রেখে কত সুন্দর গোল করালেন, করলেন। কিক অফ থেকে বাঁ দিকের উইংয়ে তাঁর কাছে বল, জামাল ভূঁইয়া তখন জায়গামতো ছিলেন না। সেটিই কাল হলো। সেই সুযোগে শরীরটাকে এক মোচড়ে ঘুরিয়ে বল দিলেন মিডফিল্ডার লিকে। লির পা ঘুরে কিমের পায়ে। ডিফেন্ডাররা কিছু ভাবারই ফুসরত পেলেন না। ফাঁকা জমিন পেয়ে কোনাকুনি শটে হিমেলকে সহজেই হারালেন কিম।
খানিক বাদেই নিচ থেকে তিনটি পাসে বল এল পার্কের পায়ে, কাছেই ল্যান্ডিং থাকলেও বল ক্লিয়ার করতে পারেননি। অসমতল মাঠও গোলটা পেতে সহায়তা করেছে বুসানকে। একটু লাফিয়ে বল বেরিয়ে গেছে, ২২ বছর বয়সী চটপটে পার্কের মাপা শট জালে। দর্শকদের অনেকে ঠিকভাবে বসার আগেই অতিথিরা ২-০ গোলে এগিয়ে!
ম্যাচের আগে শেখ জামাল কোচ মারুফুল হকের মুখে ছিল সাহসী এক উচ্চারণ। ভুটানের কিংস কাপে কেমন ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল, সেটি তো দর্শকেরা দেখেনি। তাই ঘরের মাঠে নিজেদের সেই খেলাটা দেখাতে চেয়েছিলেন কোচ। প্রথম পাঁচ মিনিটের ধাঁধা আলাদা করে রাখলে মারুফ কথা রেখেছেন বটে।
শুধু তা-ই নয়, জাপান যুবদলের সঙ্গে জাতীয় দল স্নায়ুচাপে ভুগলেও শেখ জামাল খেলেছে ফুরফুরে মেজাজে, ইতিবাচক ফুটবল। জাতীয় দল জাপানের অ্যাটাকিং থার্ডে বলই রাখতে পারেনি। শেখ জামাল কিন্তু বুসানের বিপজ্জনক জায়গায় টানা পাস খেলেও ম্যাচটাকে করেছে আকর্ষণীয়।
আসফোস একটাই, শুরুর পাঁচ মিনিট যদি অমন না হতো!
শেখ জামালের একাদশ: হিমেল, নাসির, ইয়ামিন, রায়হান, ইয়াসিন, জামাল, মামুনুল, সোহেল রানা, ল্যান্ডিং, এমেকা, ওয়েডসন।