প্রথম ব্রাজিল, শীর্ষেও ব্রাজিল

ন্যাসিওনাল স্টেডিয়ামে তখন ম্যাচের একেবারে শেষ মুহূর্ত চলছে। পেরুর বক্সে একটা ক্রস এল, উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো গডিন হেডও করলেন। কিন্তু বল ফিরল বারে লেগে। হেরে গেল উরুগুয়ে, ২-১ গোলে।
ব্রাজিল ম্যাচের প্রতিবেদনে শুরুতেই উরুগুয়ের কথা কেন? উরুগুয়ে হেরে যাওয়াতেই যে নিশ্চিত হলো, বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে রাশিয়া যাচ্ছে ব্রাজিল! যারা কাল ঘরের মাঠে প্যারাগুয়েকে মন্ত্রমুগ্ধ করে রেখে হারিয়েছে ৩-০ গোলে।
হ্যাঁ, মন্ত্রমুগ্ধই। কাল যেমন খেলেছে ব্রাজিল, সেটি বর্ণনার জন্য একটা স্প্যানিশ শব্দই ধার নিলেই হয়—ওলে! এভাবে খেললে সমর্থকেরা তো বটেই, হয়তো প্রতিপক্ষেরও মাঝেমধ্যে ইচ্ছা জাগে, শুধুই দর্শক হয়ে খেলাটা দেখতে। ব্রাজিল শুধু এভাবে খেলছেই না, জিতছেও। কালকের জয়টি ছিল কোচ তিতের অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে আট ম্যাচে ব্রাজিলের অষ্টম। এতে বিশ্বকাপে জায়গার পাশাপাশি আরেকটি পুরস্কারও পেয়েছে ব্রাজিল—উঠেছে ফিফা র্যা ঙ্কিংয়ের শীর্ষে।
তা ব্রাজিলের এই জয়, এমন নবজাগরণের নায়ক কে? অবশ্যই নেইমার! কালও একটি গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। পুরোটা সময় ড্রিবলিং, আর হঠাৎ গতির ঝড় তুলে ঘোল খাইয়েছেন প্যারাগুয়ের রক্ষণে।
কিন্তু শুধু নেইমারের নাম বললে অন্যায়ই হবে। তিতেও ম্যাচের পর বললেন, নেইমার আসলে ব্রাজিল নামের ধাঁধাটির অংশমাত্র, ‘দলের কারণেই ব্যক্তি ভালো করে। যদি নেইমারের কাছে বল যায়, প্রতিপক্ষ ওকেই আটকে ধরে। কিন্তু অন্য পাশটা তো খালি হয়ে যায়। কুতিনহো তখন সুযোগ তৈরি করে। ফাগনারের নাম বলতে পারেন, পাওলিনহো আছে।’
নেইমারের পাশাপাশি ব্রাজিলের নবজাগরণের পার্শ্বনায়কের নামটাও তিতের কথায়ই আছে—ফিলিপ কুতিনহো! কাল ৩৪ মিনিটে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়েও দেন লিভারপুল মিডফিল্ডার। এর ঠিক ৩০ মিনিট পর গোল করেন নেইমার। নিজেদের সীমানা থেকে বাঁ প্রান্ত ধরে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে শট নেন, যা প্যারাগুয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে ঢোকে জালে। তাতে একটা প্রায়শ্চিত্তও হলো নেইমারের, গোলটির ১০ মিনিট আগেই যে পেনাল্টি মিস করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড! ব্রাজিলের তৃতীয় গোলটি মার্সেলোর।
দল দুর্দান্ত খেলছে, বাছাইপর্বে টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে রাশিয়ার টিকিটও কাটা হয়ে গেছে। তিতে স্বাভাবিকভাবেই খুশি, ‘এই মুহূর্তটার জন্য খুশি, শুধু আমার জন্যই নয়, দলের অন্যদের জন্যও। আমরা লক্ষ্য অর্জন করছি, যা হচ্ছে ম্যাচ জেতা ও বিশ্বকাপে যাওয়া।’ তবে ব্রাজিল কোচের তৃপ্তিটা শুধুই মাঠের সাফল্যের কারণে নয়, ‘আনন্দ ভাগাভাগি করে নেওয়াতেই আমার সবচেয়ে বড় আনন্দ। যখন পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকাই, খেলোয়াড়দের খুশি দেখি, একটা ছোট বাচ্চাকে খুশি দেখি...ওটাই আমার আনন্দ।’
ব্রাজিল ফুটবলের অন্য নামও তো এখন এটিই—আনন্দ! এএফপি, রয়টার্স।